২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের সঙ্গে দ্বন্দ্বে কেটি

নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বে বেশ হতাশা প্রকাশ করা একটি উক্তি টুইটারে পোস্ট করেছেন অভিনেত্রী কেটি হোমস।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 03:27 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

ব্যাং শোবিজ জানায়, মানুষের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে সম্প্রতি একটি পোস্ট দেন কেটি। পোস্ট করা উক্তিটি হল, “মানুষের সবচেয়ে কষ্টকর মুহূর্ত হল যখন তার নিজের বিরুদ্ধে কাজ করতে হয়। নিজের ভিতরে যখন দ্বন্দ্ব চলে তা থেকে বাঁচা কঠিন।”

“অনেক সময় নিজের ভিতরেই রাজ্যের ভয় নিয়ে থাকতে হয়। এগুলো থেকে পালাবারও উপায় নেই।”-টুইটে লেখেন কেটি, যিনি পারিবারিক জীবনে সাত বছর বয়সী কন্যা সুরির মা।

ইংরেজিতে এই উক্তি লেখা একটি ছবি পোস্ট করেন কেটি। সে সঙ্গে তিনি লেখেন, “কথাটি খুবই পছন্দ আমার।”

কেটির ‘খুব পছন্দের’ ওই উক্তিটি ছিল ফরাসী লেখক অঁদ্রে মারলোর।

বেশ কিছুদিন টুইটার ব্যবহার থেকে বিরত ছিলেন কেটি। ২৫ অক্টোবর তিনি আবার টুইটারে যোগ দেন। ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকায় ‘দ্য গিভার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

এক বছর আগে হলিউডি অভিনেতা টম ক্রুজের সঙ্গে তার বিবাহিত জীবনের ইতি টানেন কেটি। বিভিন্ন মামলা পেরিয়ে মেয়ে সুরিকে নিজের কাছে রাখার অধিকারও পান তিনি।