হাজার ভূতের রাজার দয়া
আজব ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘হাজার ভূতের রাজার দয়া’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ব্যান্ডের প্রধান লাবিক কামাল গৌরব।
তিনি গ্লিটজকে বলেন, বেঙ্গল মিউজিকের ব্যানারে অ্যালবামটি এবারের উচ্চাঙ্গসংগীত উৎসবের সময়ে প্রকাশের জন্য হাত দিয়েছেন তিনি।
গৌরব বলেন, “গানের কাজ করেছি ফাঙ্ক, রক, ফোক এই তিন ধারার সংমিশ্রণে।”
তিনি জানান, মোট ১০টি গান থাকছে অ্যালবামটিতে। এর মধ্যে ৩টি গান লালন সাঁইয়ের, ২টি বাউল গান এবং অপর পাঁচটি তারই কথা ও সুরের মৌলিক গান। অ্যালবামের সংগীত আয়োজনে তাকে সহায়তা করেছেন রিসালাত রশীদ।
তিনি আরও জানান, অ্যালবামটিতে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পবন দাস বাউল, অনুশেহ ও আনাদিল। অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ থেকে জালাল আহমেদ, ফারহান সামাদ এবং যুক্তরাজ্যের স্যাম মিলস ও ইদ্রিস রহমান।
আজব আত্মপ্রকাশ করে ২০০১ সালে। তাদের প্রথম অ্যালবাম ছিল সেল্ফ টাইটেল্ড। সেটি প্রকাশিত হয় ২০০৬ সালের সেপ্টেম্বরে।
