২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭১এর গেরিলা

মুক্তিযুদ্ধের গল্পনির্ভর চলচ্চিত্র ‘৭১এর গেরিলা’ ডাবিং ও সম্পাদনার কাজ শেষে সেন্সরে যাচ্ছে। সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান শামীম।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 04:53 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পারভেজ ফিল্মস পরিবেশিত সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, রফিকুল ইসলাম, হাজী আবদুর  রশীদ। আরও অভিনয় করেছেন নাদের খান, আলেকজান্ডার বো, নূপুর, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, আমির সিরাজী, শাখা প্রমুখ।

এ বিষয়ে মিজানুর রহমান গ্লিটজকে জানান, এরই মধ্যে গাজীপুর, বিএফডিসি ও বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং শেষ করেছি। সম্পন্ন হয়েছে মিউজিক, ডাবিং ও সম্পাদনার কাজ। একজন মুক্তিযোদ্ধার সত্য ঘটনা অবলম্বনে এর গল্প এগিয়েছে।

সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ও কালার কারেকশনের কাজ চলছে। আগামী সপ্তাহে এটি সেন্সরে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

মিজানুর রহমান আরও বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের উপর সিনেমা বানাব। সেই স্বপ্নকে বাস্তব করতেই এই সিনেমা। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।”

ডিজিটাল ফরমেটে নির্মিত সিনেমা ‘৭১এর গেরিলা’ এর ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সাইদুর রহমান। এর ভিডিওগ্রাফি করেছেন জায়েদুর রহমান খান। এতে চারটি গান থাকছে। তিনটি দেশের গান ও একটি রোমান্টিক গানের কথা লিখেছেন নির্মাতা মিজানুর রহমান শামীম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফকির শাহবুদ্দিন, বিউটি রতন প্রমুখ।