বড়পর্দার জন্য প্রস্তুতি মিমোর
ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী লামিয়া মিমো এবার লক্ষ্য স্থির করেছেন সিনেমায় অভিনয় করার। সেই মোতাবেক প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে মিমো গ্লিটজকে বলেন, “এবার বড়পর্দায় অভিনয় করতে চাই। একটি সিনেমার ব্যাপারে কথা চলছে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সিনেমায় অভিনয় করব আমি।”
বড়পর্দার হাতছানিতে কি তবে ছোটপর্দাকে বিদায় বলবেন-- এ প্রশ্নের জবাবে মিমো বলেন, “ছোটপর্দাই আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমি টেলিফিল্মে অভিনয় করতে আগ্রহী। টেলিফিল্মে অভিনয়ের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। ভালো গল্প ও চরিত্র পেলে দুই মাধ্যমেই কাজ করতে চাই।”
এখন মিমো অভিনয় করছেন জিয়া রায়হানের ‘ঘূর্ণিপাক’ নামের একটি ধারাবাহিক নাটকে। এই নাটকে দেখা যাবে, মিমোর ভালোবাসার মানুষ লিটু আহসান তার সংসারের খবরটি গোপন রাখেন। চার বছর চুটিয়ে প্রেম করার পর মিমো জানতে পারেন, লিটুর একটি ছেলে আছে। এরপর শুরু হয় দ্ব›দ্ব।
ফারিয়া হোসেনের চিত্রনাট্যে নাটকটি প্রচারিত হবে এসএ টিভিতে।
