জেনিফারের অনুপ্রেরণা মেরিল
হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স জানান, অভিনেত্রী মেরিল স্ট্রিপকে অত্যন্ত সম্মান করেন তিনি। তিনবারের ওই অস্কারজয়ী অভিনেত্রীই অভিনয়ের ক্ষেত্রে জেনিফারের অনুপ্রেরণা ।
ইন্দো-এশিয়ান নিইজ সার্ভিস জানায়, ২৩ বছর বয়সী ওই অভিনেত্রী জানান তার জীবনের রোল মডেল হলেন মেরিল স্ট্রিপ। জেনিফার তার মতো করেই তার জীবন কাটাতে চান।
জেনিফার বলেন, “আমি জানি না তাকে কি আমার রোল মডেল বলব না আইডল বলব। তবে তিনি একজন অসাধারণ অভিনেত্রী। কেইট ব্লানচেট একজন অতুলনীয় অভিনেত্রী।”
তিনি আরও বলেন, “অন্য দিকে শুধু অভিনেত্রী হিসেবে নয় বরং আমার জীবনের পথ প্রদর্শক হিসেবে মেরিল স্ট্রিপকে অনুসরণ করি আমি। আমি তার মতো করে বাঁচতে চাই। তিনি তার বাচ্চাদের যেভাবে আগলে রেখেছেন, তা অসাধারণ। আমি তার জীবন অনেক পছন্দ করি।”
নিজের সম্পর্কে জেনিফার বলেন, “আমি জীবনে অনেক কিছু করতে চাই। সিনেমা প্রযোজনা করতে চাই এবং আরও অনেক অনেক কাজ করতে চাই। আর মেরিল স্ট্রিপ হলেন একমাত্র অভিনেত্রী যার জীবনযাত্রা আমার ভালো লাগে।”
জেনিফারকে তার ভক্তরা খুব শীগ্রই দেখতে পাবেন কাটনিস এভারডিনের পরিচালিত ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ সায়েন্স ফিকশন সিনেমায়। সিনেমাটিতে আরও অভিনয় করবেন জশ হাচারসন এবং লিয়াম হেমসওর্থ।
চলতি বছরের অস্কারে জেনিফার লরেন্স ‘সিলভার লাইনিং প্লেবুক’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে নেন।
