২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াংকার প্রস্তুতি

প্রথমবারের প্রস্তুতি শেষ হতে না হতেই এবার দ্বিতীয় শিডিউলে সিনেপর্দায় বক্সার ‘মেরি কম’ হওয়ার কাজ শুরু করেছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 03:38 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

অলিম্পিক পদকবিজয়ী ভারতের নারী বক্সার মেরি কমের ভূমিকায় সেলুলয়েডের পর্দায় আসবেন প্রিয়াংকা চোপড়া, এ খবর নতুন নয়। সঞ্জয় লীলা বনসালি প্রযোজিত এই বায়োপিক নিয়ে মানুষের যেমন আগ্রহের কমতি নেই, তেমনই চলছে প্রিয়াংকার ব্যাপক প্রস্তুতি।

চলতি বছরের অগাস্ট মাসে সিনেমাটির শুটিংয়ের প্রথম শিডিউল শেষ হওয়ার পর নানা ব্যস্ততা এবং অন্যান্য সিনেমার কাজে সময় কেটেছে প্রিয়াংকার। আর ‘মেরি কম’ সিনেমার জন্য বাড়তি মেদ ঝরিয়ে তৈরি করেছিলেন যে সুঠাম দেহ, গত কয়েক মাসের ব্যবধানে হারিয়েছেন সেটাও।

সম্প্রতি প্রিয়াংকা জানিয়েছেন, ব্যায়াম করতে তিনি একদমই পছন্দ করেন না। কিন্তু এখন বনসালির নির্দেশে দুই মাসের জন্য টানা শরীরচর্চা করে চেষ্টা চালাচ্ছেন আগের ফিগার ফিরিয়ে আনার। 

এ বিষয়ে বনসালি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “প্রিয়াংকার এখন কিছু সময়ের জন্য সব কাজ থেকে বিরতি নিয়ে আগের মতো ফিগার বানানোর জন্য ব্যায়াম করতে হবে। তার একজন বক্সিং প্রশিক্ষক এবং একজন ব্যক্তিগত প্রশিক্ষক থাকবেন। তাকে আবারও একজন বক্সারের মতো করে চিন্তা করা শুরু করতে হবে।” 

এর আগে গুঞ্জন উঠেছিল, ‘মেরি কম’ সিনেমার শুটিংয়ের মধ্যে কয়েক মাস বিরতি দেওয়ার পেছনে কারণ হল পরিচালকের কাজ পছন্দ করেননি বনসালি।

কিন্তু এ খবরটি পুরোপুরি গুঞ্জন হিসেবে উড়িয়ে দেন তিনি। বনসালি বলেন, “মোটেও সত্যি নয়। সিনেমাটির শুটিং শুরু হতে দেরি হচ্ছে এর একমাত্র কারণ হল, আমরা এখন ‘রাম লীলা’ সিনেমার মুক্তির বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছি। ‘মেরি কম’ এর শুটিং আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে শুরু হবে, কারণ মানালি শহরে শীতের সময় শুটিং করা খুবই কঠিন হয়ে পড়বে।”

ভারতের বিখ্যাত নারীবক্সার মেরি কমের জীবনের উপর নির্মিত হচ্ছে এই সিনেমাটি। সিনেমায় মেরি কমের ভূমিকায় অভিনয় করার আগে মেরি কমের সঙ্গে দেখা করেছেন প্রিয়াংকা, বক্সিংয়ের ব্যাপারে মেরির কাছ থেকে বেশ কিছু পরামর্শও নিয়েছেন তিনি।