২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিপূর্ণ অভিনেতা হতে চান নয়ন

মঞ্চ ও টিভি নাটকের ব্যস্ত অভিনেতা নয়ন হোসাইন। সম্প্রতি তিনি নতুন তিনটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা তিনটি হল সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’, এ.কিউ খোকনের ‘ভালোবাসলে দোষ কী তাতে’ এবং তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’। প্রথম দুটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেও তৃতীয় সিনেমায় তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়ন জানান অভিনেতা হিসেবে তার ভবিষ্যত পরিকল্পনার কথা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 04:16 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

গ্লিটজ: আপনার অভিনয়ের শুরু কীভাবে?

নয়ন: ছোটবেলা থেকে বেড়ে উঠেছি সাংস্কৃতিক পরিম-লে। মামা মুসলেহউদ্দিন সাংস্কৃতিক কর্মকা-ে অনুপ্রেরণা জোগাতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যেতেন। একদিন সুযোগ মেলে লোকনাট্য দলে। সেখানে বেশ কিছু কর্মশালা ও নাটিকাতে সুযোগ পেলেও নিজস্ব প্রযোজনায় কোনো নাটকে অভিনয়ের সুযোগ পেলাম না। দলটিও বনানী চলে যায়। তখন আমি যোগ দিই ঢাকা থিয়েটারে। প্রথমবারের মতো সুযোগ পেলাম মৃত্যুসংবাদ নামে একটি পথনাটকে। এক সংবাদপাঠকের ভূমিকায় অভিনয় করেছিলাম।

গ্লিটজ: মঞ্চে কোন কোন উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন?

নয়ন:  মঞ্চে বেশকটি নাটকে অভিনয় করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হল মুনতাসির ফ্যান্টাসি, যৈবতী কন্যার মন, নিমজ্জন, ধাবমান। যৈবতী কন্যার মন নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন শমী কায়সার। নিমজ্জন নাটকে তিনটি চরিত্রে রূপদান করেছি। সেলিম আল দীনের চিত্রনাট্যে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। এ নাটকের প্রস্তুতি শেষ করতে আমাদের চার বছর সময় লেগেছে। আমি অভিনয় করেছি কোচোয়ান, সোহরাব ও রোবোটিক ডাক্তারের চরিত্রে। শিমুল ইউসুফের নির্দেশনায় ধাবমান নাটকেও তিনটি চরিত্রে অভিনয় করেছি। এ নাটকে কবিরাজ, চার্চের ফাদার এবং কসাই চরিত্রে রূপদান করেছি। নিমজ্জন ও ধাবমান নাটক দুটি মিশর ও ভারতের বিভিন্ন নাট্য উৎসবে প্রদর্শিত হয়েছে।

গ্লিটজ: এ মুহূর্তে নতুন কোন কোন টিভি নাটকে অভিনয় করছেন?

নয়ন : এ মুহূর্তে বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এখন সাজ্জাদ সুমনের ‘অপরাজিতা’ (আরটিভি), নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘তবুও জীবন’ (এনটিভি), ইদ্রিস হায়দারের ‘সেকেন্ড ইনিংস’ (এশিয়ান টিভি), জাহিদুল ইসলামের ‘সাদাকালো’ (একুশে টিভি) ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। তিনটি নতুন ধারাবাহিকেও অভিনয় করছি। নাটকগুলো হল অরুণ চৌধুরীর ‘কুয়াশার ভোর’, চয়নিকা চৌধুরীর ‘অন্ধকারের গান’ এবং শুভ্র আহমেদের ‘মাৎসান্যায়’।

গ্লিটজ: গেরিলা চলচ্চিত্রের পর তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আপনি। সিনেমাগুলোতে কোন কোন চরিত্রে অভিনয় করছেন ?

নয়ন: তিনটি সিনেমা ভিন্ন গল্প নিয়ে নির্মিত হচ্ছে। রোমান্টিক কমেডি ধাঁচের ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় আমি অভিনয় করছি শফিক চরিত্রে। সহপাঠীদের বন্ধুত্ব, প্রেমের নানা হাস্যকর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। আমার বিপরীতে অভিনয় করছেন আন্না। ‘ভালোবাসলে দোষ কি তাতে’ সিনেমায় দেখা যাবে, আমি লন্ডন থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে আসি। পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করি আমি। বিয়ের পর কক্সবাজারে হানিমুনে যাই। সেখানে শুরু হয় নানা দ্বন্দ্ব-সংঘাত। এ সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছেন শান্তা নুপূর।

গ্লিটজ: নতুন কোন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন?

নয়ন: এ মুহূর্তে কোনো বিজ্ঞাপনে কাজ করছি না। কয়েকটি বিজ্ঞাপনের কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি।

গ্লিটজ: অভিনেতা হিসেবে নিজেকে কোন অবস্থানে দেখতে চান?

নয়ন:  নাটক ও সিনেমার নায়ক হিসেবে পরিচিত হতে চাই না। আমি চাই দর্শক আমার অভিনীত প্রতিটি চরিত্র নিয়ে আলোচনা-সমালোচনা করুক। আমি একজন পরিপূর্ণ অভিনেতা হতে চাই। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই।