২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় নিষিদ্ধ কিশা

ধর্মীয় এবং সাংস্কৃতিক বিধিনিষেধের কারণে মালয়েশিয়াতে বাতিল হল গায়িকা কিশার কনসার্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 03:24 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

২৬ অক্টোবর শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে পারফর্ম করার কথা ছিল কিশার, কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধল দেশটির কর্তৃপক্ষ। কিশার পারফরম্যান্স তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানতে পারে, এই অজুহাতে শহরের স্টেডিয়াম নেগারাতে পারফর্ম করতে দেওয়া হয়নি কিশাকে।

গসিপ ওয়েবসাইট টিএমজির খবর অনুযায়ী,পারফর্ম করার ঠিক আগ মুহূর্তে কনসার্টটি বাতিল করা হয়েছে। কনসার্টের আয়োজক ‘লাইভস্কেপ’ একটি ঘোষণার মাধ্যমে খবরটি জানায়। তারা এটাও বলে, কনসার্ট বাতিলের কারণে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এমনকি কনসার্ট চালিয়ে যাওয়ার জন্য কিশার পোশাক এবং গানের কথার মধ্যেও পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিলেন কিশার মুখপাত্র, কিন্তু এরপরও নিজেদের সিদ্ধান্তে অটল থাকে দেশটির কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটি বিবৃতির মাধ্যমে এই কনসার্ট বাতিলের ঘোষণা দেওয়া হয়, যেখানে শুধুমাত্র ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে এটি বাতিল করার কথা বলা হয়েছে।

তবে হাফিংটন পোস্ট ইঙ্গিত করছে, বিনোদনজগতে কিশার বিতর্কিত ইমেজ এবং তার গানের কথার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে উল্লেখ্য, কিশার বেশিরভাগ গানেই মাদক এবং যৌনতার বিষয় বিদ্যমান থাকে।

এ ব্যাপারে টুইটারে দুবার টুইট করেন কিশা। প্রথম টুইটে তিনি লেখেন, “সবাইকে পরিষ্কারভাবে জানাচ্ছি, আমি নিজে কনসার্ট বাতিল করিনি। আমাকে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়নি। এরপরেও আমি পারফর্ম করব ভেবেছিলাম কিন্তু তখন আমাকে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়েছে।”

২৭ অক্টোবর তিনি একটি ছবিসহ দ্বিতীয় টুইটটি করেন, “গতকাল আমার জন্য খুব কঠিন একটি দিন ছিল। আমি শুধু চেয়েছিলাম আমার গান এবং ভালোবাসা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে।”