‘খুদা গাওয়াহ’-র সিক্যুয়াল
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ১৯৯২ সালের সিনেমা ‘খুদা গাওয়াহ’-র সিক্যুয়াল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির প্রযোজক মনোজ দেশাই।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে মনোজ বলেন, “আমি এরমধ্যেই এ ব্যাপারে কাজ শুরু করেছি এবং একটি চিত্রনাট্য লেখা হচ্ছে। সিক্যুয়ালেও আমি চাই অমিতাভ অভিনয় করুক। এ ব্যাপারে আমি শীঘ্রই তার সঙ্গে কথা বলব।”
অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী অভিনীত ‘খুদা গাওয়াহ’ সিনেমাটির কাহিনি একজন আফগান নেতাকে নিয়ে; ভালোবাসা এবং প্রতিশোধের মাঝখানে যার জীবন দোদুল্যমান।
‘খুদা গাওয়াহ’-এর শুটিং হয়েছিল ভারত এবং আফগানিস্তানে। ১৯৯২ সালে সিনেমাটি একযোগে দুটি দেশেই মুক্তি পায়। সে বছর দুই দেশেই সিনেমাটি সবচাইতে বেশি ব্যবসাসফল সিনেমা হয়েছিল এবং তালেবানদের সময়ের আগ পর্যন্ত কাবুলের থিয়েটারগুলোতে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল।
