২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরেছেন অমিতাভ

জ্বর এবং পাকস্থলীর সংক্রমণ হওয়ার পর এবার সেরে উঠেছেন বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন। সুস্থ হয়েই আবার কাজে নেমেছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 02:56 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, গত সপ্তাহের শুরুতে অসুস্থ হয়ে পড়ার পর বেশ কিছুদিন কাজ থেকে দূরে থাকতে হয়েছে অমিতাভকে। কিন্তু সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি শুরু করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের কাজ।

১৭ অক্টোবর বৃহস্পতিবার কাজে ফেরেন অমিতাভ।

বৃহস্পতিবার মধ্যরাতে অমিতাভ নিজের ব্লগে লেখেন, “কাল সকাল থেকে আবারও কেবিসিতে কাজ শুরু করব, আর আমি চেষ্টা করব, যতটা সম্ভব স্বাভাবিক থাকতে।”

অমিতাভ জানান, পুরোপুরি সুস্থ হতে তার আরও চারদিন লাগবে। তিনি বলেন, শুটিংয়ের পাশাপাশি আরও অনেক কাজ জমে রয়েছে তার।

তিনি লেখেন, “অনেক কাজ বাকি রয়েছে, বিশেষ করে কালকের দিনটায় অনেক কাজ করতে হবে। আর প্রত্যেক বছরের মতো এবারও ব্যক্তিগতভাবে আমার জন্মদিনের শুভেচ্ছাগুলোর উত্তর দেব আমি।”

অমিতাভ আরও লেখেন, “আমার ঘর মানুষের দেওয়া জন্মদিনের উপহার আর আশীর্বাদে ভরে রয়েছে। সারাঘরে এত জিনিস যে আমার লেখার টেবিল পর্যন্ত এগিয়ে যেতেও ঝামেলা পোহাতে হচ্ছে।”

গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সপ্তম সেশনে কাজ করছেন অমিতাভ। তার হাতে আরও রয়েছে ‘ভূতনাথ রিটার্নস’ সিনেমার কাজ।