টেইলরের মিউজিক স্কুল
আমেরিকার ন্যাশভিল এলাকায় কান্ট্রি মিউজিক শেখার একটি স্কুল খুলেছেন গায়িকা টেইলর সুইফট। ৪০ লাখ ডলারের ওই প্রতিষ্ঠানের নাম ‘টেইলর সুইফট এডুকেশন সেন্টার’।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, আমেরিকার ‘মিউজিক সিটি’ হিসেবে খ্যাত ন্যাশভিলে ১২ অক্টোবর শনিবার নিজের এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন টেইলর। ‘কান্ট্রি মিউজিক হল অফ ফেইম অ্যান্ড মিউজিয়াম’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করবে মিউজিক স্কুলটি।
এর আগে ২০১২ সালের মে মাসে ওই প্রতিষ্ঠান নির্মাণের জন্য ৪০ লাখ ডলার দান করেন টেইলর।
মিউজিক স্কুল উদ্বোধন করতে গিয়ে ফক্স নিউজকে টেইলর বলেন, “আমি এই এডুকেশন সেন্টার নিয়ে খুবই উত্তেজিত। আরও আনন্দের ব্যাপার হল, আজ থেকেই তারা তিনটি ভিন্ন ধরনের গানের ক্লাস শুরু করতে পারবে।”
তিনি আরও বলেন, “এটা খুবই ভালো কথা যে আজ প্রতিষ্ঠানটি শুধুমাত্র উদ্বোধন করাই হবে না; আজ থেকে সবাই এখানে গান শিখতে পারবে।”
দুই তলার স্কুলটিতে থাকবে তিনটি ক্লাসরুম এবং শিশুদের জন্য একটি বিশেষ গ্যালারি।
ভবিষ্যতে এ ধরনের আরও কাজে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন টেইলর।
তিনি জানান, “আর কী কী ধরনের কাজে আমি অংশ নিতে পারি এই ব্যাপারে কথা বলছি। আমি ঠিক লেকচার দিতে চাই না। কারণ আমার তাতে মনে হয় আমি মানুষের সঙ্গে চিৎকার করছি, কিন্তু এখানকার শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করা যেতে পারে। গান লেখার জন্য একটি আলোচনার ব্যবস্থা করা গেলে খুবই ভালো হয়।”
গীতিকার হিসেবে খ্যাত টেইলর সম্প্রতি ‘ন্যাশভিল সং রাইটারস এ্যাসোসিয়েশন’ থেকে ‘রেকর্ড ব্রেকিং সং রাইটিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
