২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারাবজিতের বোনের চরিত্রে সোনাক্ষি

সোনাক্ষি সিনহা সুভাশ ঘাই প্রযোজিত পরবর্তী সিনেমায় পাকিস্তানে ভারতীয় গুপ্তচর সন্দেহে সাজাপ্রাপ্ত সারাবজিত সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি.কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 09:08 AM

Updated : 25 Apr 2022, 07:22 PM

মুক্তা আর্ট ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির কাহিনি সম্পর্কে নির্মাতারা খোলাখুলিভাবে এখনও কিছুই জানাননি।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, পাকিস্তানে ভারতীয় গুপ্তচর সন্দেহে প্রায় ২২ বছর জেলে ছিলেন ভারতীয় নাগরিক সারাবজিত সিং। ২২ বছর জেলে কাটানোর পর, পাঞ্জাবের সারাবজিত আরও কয়েকজন কয়েদির নির্যাতনের শিকার হয়ে চলতি বছর প্রাণত্যাগ করেন। সিনেমাটিতে সারাবজিতের জীবনী তুলে ধরা হবে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য তার বোন দালবিরের নিরলস চেষ্টার কাহিনি তুলে ধরা হবে সিনেমাটিতে।

সংবাদমাধ্যমটি জানায়, দালবিরের ভাইকে উদ্ধার করার চেষ্টার কাহিনির ভিত্তিতে চিত্রনাট্য রচনা করেছেন রাজেশ বেরি। এক সূত্রে মাধ্যমটি জানায়, “এটি খুবই স্পর্শকাতর একটি ঘটনা। সুভাস ঘাই সিনেমার কাহিনিতে কোনো ভুল বিষয় তুলে ধরতে চান না। দালবির তার ছোট ভাইকে মুক্ত করে আনার জন্য তার সংগ্রামের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আর বেরি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছেন।”

মাধ্যমটি আরও জানায়, “চরিত্রটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন সোনাক্ষি। তবে সিনেমার বিষয়ে তার আগ্রহ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে প্রথমেই।”

দালবিরের চরিত্রে সোনাক্ষির অভিনয়ের বিষয়টি নিশ্চিত হলেও সারাবজিত সিংয়ের চরিত্রে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে জানা যায়নি। সিনেমাটির কাজ আগামী বছর নাগাদ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা।