নিজের গ্রামে মল্লিকা
টিভি শো ‘দ্য ব্যাচেলরেট’-এর জন্য হরিয়ানার হিসার প্রদেশে নিজের গ্রামের বাড়িতে যান বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। আর সেখানে গ্রামবাসীদের ভিড়ে অস্বস্থিকর অবস্থায় পড়তে হয় তাকে।
অনেদিন পর নিজের গ্রামের বাড়িতে যান মল্লিকা। মল্লিকা নামে বলিউডে পরিচিত হলেও তার আসল নাম রিমা লাম্বা। গ্রামের বাড়িতে পৌঁছানোর পরই ৩ থেকে ৪ হাজার লোক ঘিরে ধরে তাকে।
৩৬ বছর বয়সী ওই অভিনেত্রী ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-- মেরে খেয়ালোকি মালিকা’ টিভি শোর কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য সেখানে যান। তবে ভিড় দেখে গাড়ি থেকে বাইরে পা রাখেননি মল্লিকা।
হিসারের পুলিশপ্রধান সতিশ বালান জানান, ওই গ্রামে শুটিংয়ের বিষয়ে তারা অবগত ছিলেন না। বালান বলেন, “গ্রামে যে পরিমাণ ভিড় ছিল তা কল্পনাতীত। গ্রামবাসীরা মল্লিকাকে একনজর দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল।”
এই সফরে নিজের পরিবারের সঙ্গে গুরুদুয়ারায় যাওয়ার কথা ছিল মল্লিকার। তবে লোকের ভিড়ের কারণে তাও হয়ে ওঠেনি।
