আবারও রত্না
ঢালিউড পাড়ায় আবার সরব হচ্ছেন অভিনেত্রী রত্না। সম্প্রতি শাহীন সুমনের ‘সেদিন বৃষ্টি ছিল’ ও সপ্তরঞ্জন সুমনের ‘পরাণ পাখি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমাটি বাংলাদেশের প্রথম ডিজিটাল প্রযুক্তিতে তৈরি ভৌতিক সিনেমা। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভি ও সুমিত। ‘পরাণ পাখি’ সিনেমায় রত্নার নায়ক অভি।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে রত্না গ্লিটজকে বলেন, “গতানুগতিক ধারার সিনেমায় আর অভিনয় করতে চাই না। ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র পেলে অভিনয় করব।”
রত্না জানান, পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হয়েছেন তিনি। তিনি বলেন, “আমার বেশ কয়েকটি সিনেমা মুক্তির পরে দেখলাম যেভাবে অভিনয় করেছিলাম পর্দায় সেভাবে দেখানো হচ্ছে না। সিনেমার প্রচারণা ও পারিশ্রমিক ইস্যুতেও নানা জটিলতা তৈরি হয়। পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে এবার তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছি।”
রত্না বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন। তিনি জানালেন, মনের মতো গল্প ও নির্মাতা পেলে তিনি টিভি নাটকেও অভিনয় করবেন।
