২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তম সুচিত্রা’য় অপূর্ব ও অপি

ঈদে একটি বেসরকারি চ্যানেলের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরী তৈরি করেছেন নাটক ‘উত্তম সুচিত্রা’। এতে জুটিবদ্ধ হয়েছেন অপূর্ব ও অপি করিম। নাটকটি লিখেছেন ইরাজ আহমেদ। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:25 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

এ বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, “ঈদের জন্য আমার এ নাটকে অভিনয় করেছেন অপি করিম ও অপূর্ব। অনেক দিন পরে অপিকে নিয়ে কাজ করলাম। দর্শকদের এই প্রিয় শিল্পীকে নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি দর্শক অপি ও অপূর্বকে ভালোভাবেই নেবেন।”

নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, “সৈয়দ হাসান ইমাম উত্তম-সুচিত্রা জুটির ভীষণ ভক্ত। সারাদিন প্রিয় জুটির সিনেমা দেখেন তিনি। উত্তম-সুচিত্রাকে পছন্দ করে না এমন কাউকে বাসা ভাড়াও দেন না। একদিন অপূর্ব তার বাসা ভাড়া নিতে যান। দুজনার মধ্যে কথাবার্তার একপর্যায়ে হাসান ইমাম অপূর্বকে উত্তম-সুচিত্রা জুটির কয়েকটি সিনেমার নাম বলতে বলেন। ঘরে থাকা ডিভিডি দেখে কয়েকটি সিনেমার নাম বলতে পারায় অপূর্বকে বাসা ভাড়া দেন তিনি। একজন এনজিও কর্মী হিসেবে হাসান ইমামের বাসায় যান অপি। উত্তম-সুচিত্রা নিয়ে তার সঙ্গে অনেক কথাবার্তা বলেন। এক পর্যায়ে অপির ফ্যান হয়ে যান তিনি।”

ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উত্তম সুচিত্রা’।