২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফের পূজা ও ঈদ স্পেশাল

প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অডিও অ্যালবাম ‘পূজা স্পেশাল’ প্রকাশের উদ্যোগ নিয়েছেন আসিফ আকবর। তার ও ন্যান্সির গাওয়া দ্বৈত গানের আরেকটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে ঈদ উপলক্ষে। অ্যালবাম দুটি প্রকাশ করছে আর্ব এন্টারটেইনমেন্ট।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 02:45 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

অডিও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, এই বিশেষ অ্যালবামটিতে আসিফের গাওয়া গান থাকছে দুটি। এর মধ্যে রয়েছে আসিফ-শশীর দ্বৈতগান ‘বাজে রে ঢোল’। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন রাজেশ। আর সংগীতায়োজন করেছেন রাজেশ ও মুশফিক লিটু। বাকি গানটি আসিফের একক ‘চাঁদবতী’। রাজীব আহমেদের কথায় পঙ্কজের সুর-সংগীতে এ গানটি মূলত প্রকাশ পেয়েছিল গেল ঈদে আসিফের ‘এক্স প্রেম’ অ্যালবামে। তবে পূজা উপলক্ষে এ গানটির রিমিক্স ভার্সন তৈরি হয়েছে। ‘পূজা স্পেশাল’ অ্যালবামের দুটো গানই উৎসবকেন্দ্রিক রিদমিক ধারার।

একই প্রতিষ্ঠানের ব্যানারে ঈদ স্পেশাল হিসেবে প্রকাশ পাচ্ছে আসিফ-ন্যান্সির প্রথম দ্বৈত অ্যালবাম ‘ঝগড়ার গান’। এতে থাকছে মনোয়ার হোসেন টুটুলের সুরে আহমেদ কিসলুর সংগীতায়োজনে ১০টি মৌলিক গান। বোনাস ট্র্যাক হিসেবে থাকছে মানাম আহমেদের সংগীতায়োজনে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত দুটি গান ‘এই রাত’ এবং ‘আয় খুকু আয়’। অ্যালবামে স্থান পাওয়া অন্য গানগুলোর শিরোনাম হল, ‘ঠিকানা’, ‘পথ’, ‘প্রতিশ্রæতি’, ‘ভালোবাসা’, ‘অবুঝ খেলা’, ‘ঝগড়ার গান’, ‘অনুভবে’, ‘পাখি’, ‘একলা’ ও ‘ঋণী’। গানগুলো লিখেছেন বাকিউল আলম, কবির বকুল, প্রদীপ সাহা, রাজীব আহমেদ ও রবিউল ইসলাম জীবন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, “সামাজিক-সাংস্কৃতিকভাবে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তাতে ঈদ-পূজা দুটোই সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তার উপর এবার ঈদ ও পূজা একই সময়ে। সব মিলিয়ে ভাবলাম সারাজীবন ঈদেই অ্যালবাম প্রকাশ করেছি। এবার পূজা ও ঈদ দুই উৎসবেই দুটি অ্যালবাম প্রকাশ করছি। আশা করি শ্রোতাদের পাশাপাশি এই বিশেষ অ্যালবামটি অন্য শিল্পীদেরও উৎসাহ জোগাবে।”

জানা গেছে, ‘পূজা স্পেশাল’ প্রকাশিত হবে ৯ অক্টোবর এবং ঈদ স্পেশাল প্রকাশিত হবে ১২ অক্টোবর।