২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলির লড়াই

আইরিশ গায়িকা সিনেইড ও’কনরের সঙ্গে মাইলি সাইরাসের লড়াই এবার মোড় নিতে পারে আদালতের দিকে-- এমনটাই আশঙ্কা করছেন অনেকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, সম্প্রতি ‘রোলিং স্টোন’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি বলেন, তার নতুন ভিডিও ‘রেকিং বল’ নির্মিত হয়েছে সিনেইডের বিখ্যাত ভিডিও ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’ থেকে অনুপ্রাণিত হয়ে।

মাইলির এই মন্তব্যের পর সিনেইড তার উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠান, যেখানে সিনেইড বলেন মাইলি যেন এভাবে নিজেকে একজন ‘পতিতা’ হিসেবে উপস্থাপন করা বন্ধ করেন।

সিনেইডের এই উপদেশের বিপরীতে মাইলি তাকে কটাক্ষ করে টুইট করেন। যেখানে সিনেইডের কয়েক বছর আগে হওয়া মানসিক রোগের দিকে ইঙ্গিত করেন মাইলি। সিনেইডের টুইটার অনুসরণকারীদের তিনি বলেন প্রিয় গায়িকার জন্য তারা যেন একজন মনরোগ বিশেষজ্ঞ খুঁজে আনেন।

এরপর ফেইসবুকে মাইলিকে আরও একটি খোলা চিঠি পাঠান সিনেইড। যেখানে তিনি মাইলিকে তার টুইট সরিয়ে ফেলতে বলেন। মাইলির বিরুদ্ধে আইনি আশ্রয় নেওয়ার হুমকিও দেন সিনেইড।

এরপর সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলোতে আরও চলতে থাকে দুই গায়িকার লড়াই। তবে সিনেইডের দেওয়া এই হুমকি দেখে অনেকেই ভাবছেন হয়তো এ কারণে এবার আইনি ঝামেলায় জড়াতে পারেন মাইলি।