পুতুলের ব্যস্ততা
কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল তার তৃতীয় একক অ্যালবামের কাজ নিয়ে এখন দারুণ ব্যস্ত। পুতুলের নিজের লেখা, সুর ও সংগীতায়োজনে এই অ্যালবামে দশটি ভিন্ন স্বাদের গান থাকবে।
পুতুল গ্লিটজকে বলেন, “তৃতীয় একক অ্যালবামের জন্য গান লেখা শুরু করেছি। এবার শুধু ফোক নয়, মেলোডি নির্ভর গানও থাকবে। প্রতিটি গানের কথা ও সুরে ভিন্নতা থাকবে। গতানুগতিক ধারার বাইরে এসে নিজের কথা ও সুরে সাজিয়েছি মেলোডি গানগুলো। বিষয় বৈচিত্র্যে শ্রোতাদের ভিন্নতা উপহার দিতে চাই।”
এবারের ঈদে পুতুল দুটি মিক্সড অ্যালবামে গেয়েছেন। ক্যাকটাস শিরোনামের অ্যালবামে পুতুলের গান দুটি হল-- ‘একলা আগন্তুক ’ ও ‘হয়তো তোমার অন্য কোথাও ডাক পড়েছে’। দ্বিতীয় গানটিতে পুতুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল। নাম ঠিক না হওয়া একটি অ্যালবামে পুতুল তিনটি ফোক গান গেয়েছেন। গানগুলো হচ্ছে-- শাহ আবদুল করিমের ‘রংয়ের দুনিয়া তোরে চাই না’, রামকৃষ্ণের ‘শ্যামের বাঁশি’ ও প্রচলিত ফোক গান ‘আমার কাঙ্খের কলসি/ গিয়াছে ভাসি’। এই অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন পঙ্কজ।
