কাদামাটির জয়া
চলচ্চিত্র ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনি’র অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে জয়া আহসান নিজেকে কাদামাটির সঙ্গে তুলনা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি নিজের সম্পর্কে এ মন্তব্য করেন।
জয়া আহসান প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নিজের পারফর্মেন্স সম্পর্কে বলেন, “সিনেমায় নাচের কথা কী আর বলব! হাঁসকে পানিতে নামতে দিলে সে সাঁতার কাটবেই। আমাকেও নাচতে হয়েছে। আমি হলাম কাদামাটি। আমাকে যা করতে বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে, তাই করেছি। এই ফলেই দর্শক আমাকে নতুনভাবে দেখবেন।”
তিনি আরও বলেন, “আমার ব্যাকগ্রাউন্ড টেলিভিশন। সেখান থেকে এসে আমি সিনেমায় অভিনয় করছি। এই সিনেমার ছয়টি গানই আমার পছন্দের। আমরা একটা টিম হয়ে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেছি। এটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন মিডিয়ার। জানি না দর্শকদের সিনেমাটি কেমন লাগবে, তবে আমাদের দায়িত্ব আমরা করেছি ঠিকভাবেই।”
সিনেমাটির অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে রাজধানীর একটি রেস্টুরেন্টে। ৫ অক্টোবর থেকে বাজারে আসা অ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন। ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের প্রথম সিনেমাটি নিবেদন করছে ডায়মন্ড ওয়ার্ল্ড। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান। পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। সিনেমার গানগুলো লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, মুন্নী, ন্যান্সি, পুলক, সোনিয়া, কিশোর, রন্টি, মুহিন, তাসিফ এবং শাকিব খান। এতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, সাজু খাদেম এবং মিমো।
প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছা জানান চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চন্দন সিনহা, লেজারভিশনের চেয়ারম্যান এ. কে. এম. আরিফুর রহমান প্রমুখ। এ সময় সিনেমার সংশ্লিষ্ট শিল্পীকলাকুশলিরা তাদের অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে আয়োজনের প্রধান অতিথি ও সিনেমার অভিনেতা রাজ্জাকও হাজির হতে পারেননি।
উল্লেখ্য ২০১২ সালের ১৪ জুন সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সম্প্রতি সিনেমাটি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। ঈদের দিন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
