সঞ্জয়ের ১৪ দিনের কারামুক্তি
শারীরিক অসুস্থতার কারণে ১৪ দিনের কারামুক্তির সুযোগ পেয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। এনডিটিভি জানিয়েছে, কারাগার থেকে বেরিয়ে এরইমধ্যে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
চলতি বছরের মে মাস থেকে পুনের ইয়ারদা কারাগারে আটক সঞ্জয় সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় আদালতের বিশেষ নির্দেশে তাকে ১৪ দিনের কারামুক্তি দেওয়া হয়েছে।
১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চলতি বছরের মার্চে সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ভারতের সুপ্রিম কোর্ট। ওই মামলায় মূলত ছয় বছরের সাজা হওয়ার কথা সঞ্জয়ের; তবে আগে থেকেই এক বছরের জন্য কারাদণ্ড ভোগ করায় পরে তা পাঁচ বছরে নামিয়ে দেয় আদালত।
একই মামলার কারণে ২০০৭ সালে ১৮ মাস কারাভোগ করেছিলেন সঞ্জয়। এরপর মামলাটির রায় পুনর্বিবেচনা করার জন্য আদালতে আপিল করেন তিনি। আপিলের রায় অনুযায়ী এবার প্রায় সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে।
এদিকে কারাগারে থাকা অবস্থায় মুক্তি পেয়েছে সঞ্জয়ের নতুন সিনেমা ‘পুলিশগিরি’। এছাড়াও ‘উংলি’ এবং ‘পিকে’ নামের দুটি সিনেমায় অভিনয় করার কথা ছিল তার।
