২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমেডিতে অভিনয় সহজ নয় : সোহা

বাস্তবধর্মী সিনেমা বা চরিত্রে অভিনয়ের জন্য বলিউডি অভিনেত্রী সোহা আলী খানকে দীর্ঘদিন পর এবার দেখা যাবে একটি কমেডি সিনেমায়। তার মতে কমেডি সিনেমা মজার হলেও এতে অভিনয় করা বেশ কঠিন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ‘ওয়ার ছোড় না ইয়ার’ নামের নতুন এক কমেডি সিনেমায় অভিনয় করছেন সোহা।

সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, “আমি ভেবেছিলাম কমেডি সিনেমায় অভিনয় করা সহজ হবে। তবে তা হয়নি। কারণ এ ধরনের সিনেমায় অভিনয়ের জন্য সময়মতো দর্শকদের হাসানোর ক্ষমতা থাকতে হয়। আর এই বিষয়টি কেউ শিখিয়ে দিতে পারে না। এটি নিজের ভিতর থেকে আসতে হয়।”

তিনি আরও বলেন, “আমি বরাবরই বাস্তবভিত্তিক সিনেমায় অভিনয় করে আসছি। আমার বেশিরভাগ সিনেমাতেই দেখা গেছে একটা পর্যায়ে আমার প্রেমিক বা স্বামী মারা যান। আমি আগে ভাবতাম ক্যামেরার সামনে কাঁদা খুবই কঠিন।”

অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে সোহার আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার অ্যাডাল্ট কমেডি অতটা পছন্দ নয়। তবে আমি কখনও ওই ধরনের সিনেমায় অভিনয় করব না, তা বলব না। সব ধরনের সিনেমারই তার নিজস্ব দর্শক আছে।”

ফারাজ হায়দার পরিচালিত ‘ওয়ার ছোড় না ইয়ার’ সিনেমায় সোহার সঙ্গে অভিনয় করেছেন শারমান জোশি এবং জাভেদ জাফ্রি। সিনেমাটি ১১ অক্টোবর মুক্তির প্রতিক্ষায় রয়েছে।