২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটের উপহার নিয়ে মুখ খুলবেন না রণবীর

২৮ সেপ্টেম্বর ৩১ বছরে পা রাখলেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর। তবে জন্মদিনে তার প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাকে কী উপহার দিয়েছেন, সে বিষয়টি নিয়ে কিছুতেই মুখ খুলছেন না তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 05:28 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, টিনসেলে এখন সবচাইতে আলোচিত সেলিব্রিটি জুটি হলেন রণবীর এবং ক্যাট। তাদের নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই ভক্ত এবং সমালোচক মহলে। আর ওই জুটিও নিজেদের সম্পর্ককে বেশ সাবধানেই গোপন রেখেছেন সকলের কাছ থেকে।

রণবীর বলেন, “একটি প্রবাদ আছে, যেটি আমি সবাইকে জানাতে চাই। সেটি হল, নিজের চরকায় তেল দিন!”

কিছুদিন আগেই স্পেনে রণবীর-ক্যাটের ছুটি কাটানোর ছবি প্রকাশ হওয়ায় তা বেশ আলোড়ন সৃষ্টি করে। গোপন সূত্রে খবর ছড়িয়েছে ওই জুটি আবারও ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন। এ বিষয়েও সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যখন পত্রিকায় ছবি ছাপা হবে, তখন তো আপনারাই সব কিছু বলে দেবেন। আমি আর আগে থেকে বলতে যাবে কেন?”

রণবীর এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘বেশরম’-এর প্রচারণায়। সিনেমাটি মুক্তি পাবে ২ অক্টোবর।