মেরিলের সঙ্গে টেইলর
পপতারকা টেইলর সুইফট সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি হলিউডি সিনেমায়। ‘দ্য গিভার’ নামের ওই সিনেমায় তিনি এবার অভিনয় করবেন তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, ‘দ্য উইনস্টেন কোম্পানি’ এবং ‘ওয়ালডেন মিডিয়া’ প্রযোজিত নতুন সিনেমা ‘দ্য গিভার’-এর কলাকুশলীদের মধ্যে এবার যোগ হয়েছে টেইলরের নাম। আর মেরিল স্ট্রিপ ছাড়াও তার সঙ্গে আরও অভিনয় করবেন জেফ ব্রিজেস, কেটি হোমস এবং ব্র্যান্ডন থওয়েটস।
১৯৯৩ সালে প্রকাশিত কল্পকাহিনি ধাঁচের উপন্যাস ‘দ্য গিভার’ লিখেছেন লুইস লোরি। এখানে ব্র্যান্ডন থাকবেন এক যুবক ছেলের ভূমিকায় যার আছে স্মৃতি সংরক্ষণের বিশেষ ক্ষমতা। আর জেফ ব্রিজেস থাকবেন তার শিক্ষকের চরিত্রে, যিনি ব্র্যান্ডনকে শেখাবেন কীভাবে এই বিশেষ ক্ষমতাকে কাজে লাগাতে হয়।
মেরিল স্ট্রিপ অভিনয় করবেন দলের প্রধান হিসেবে, যার দায়িত্ব হল যুবক ছেলেটিকে বিভিন্ন কাজের অনুমতি দেওয়া। আর কেটি হোমস থাকবেন ব্র্যান্ডনের মায়ের চরিত্রে।
তবে সিনেমায় টেইলর কী ধরনের চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। এর আগে ইউএস উইকলি জানিয়েছে, টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ব্র্যান্ডনের সঙ্গে কথোপকথনের সময় টেইলর সকলের উদ্দেশ্যে বলেছিলেন, “দক্ষিণ আফ্রিকায় দেখা হবে।”
আর দক্ষিণ আফ্রিকাতেই শুটিং হবে ওই সিনেমার।
এর আগে ‘ভ্যালেন্টাইনস ডে’ সিনেমায় অভিনয় করেছিলেন টেইলর। টিভি সিরিজ ‘নিউ গার্ল’-এ ছোট একটি চরিত্রেও দেখা গেছে তাকে।
০৭ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শুটিং শুরু হবে ‘দ্য গিভার’-এর। ‘দ্য বোন কালেক্টর’ খ্যাত নির্মাতা ফিলিপ নয়েস সিনেমাটি পরিচালনা করবেন। আর মাইকেল মিটনিক থাকবেন চিত্রনাট্য লেখার দায়িত্বে।
২০১৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে ‘দ্য গিভার’।
