২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার গুরু ইয়াশ : শাহরুখ

বলিউডের কিংবদন্তি প্রয়াত ইয়াশ চোপড়ার ৮১ তম জন্মদিনে তাকে নির্ভিক চলচ্চিত্র নির্মাতা ও গুরু বলে অভিহিত করেন শাহরুখ খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ২৭ সেপ্টেম্বর ছিল  ইয়াশ চোপড়ার ৮১তম জন্মদিন। ওইদিন তার স্ত্রী পামেলা চোপড়ার আয়োজনে অনুষ্ঠিত হয় ইয়াশ চোপড়ার জন্মোৎসব। বলিউডে রোমান্টিক চলচ্চিত্রের পরিচালক হিসেবে খ্যাত ইয়াশ চোপড়ার সম্মানে ওই অনুষ্ঠানে র‌্যাম্প মডেল হিসেবে হাজির হয়েছিলেন রেখা, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, রানি মুখার্জি, প্রীতি জিনতা, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা এবং পরিনীতি চোপড়া। তাদের সঙ্গে একমাত্র অভিনেতা হিসেবে র‌্যাম্পে হাঁটেন ইয়াশের প্রিয় নায়ক শাহরুখ। সেখানেই কিংবদন্তি ওই পরিচালককে নিজের গুরু হিসেবে অভিহিত করেন তিনি।

‘ডর’ সিনেমায় প্রথম ওই পরিচালকের সঙ্গে কাজ শুরু করেন শাহরুখ। আর ইয়াশ চোপড়ার শেষ সিনেমা ‘যাব তাক হ্যায় জান’-এও ছিলেন তিনি। শাহরুখের মতে তার অভিনয়ের হাতেখড়ি হয়েছে ইয়াশ চোপড়ার কাছে।

শাহরুখ বলেন, “একজন ব্যক্তি হিসেবে ইয়াশজি আমাকে শিখিয়েছিলেন, সৃজনশীলতা হবে নির্ভিক। আপনার সেই সিনেমাটিই তৈরি করা উচিৎ মনের গভীর থেকে আপনি যেটা করতে চান। তার মতে, সেই সিনেমা সফল হোক বা না হোক, সেটি সবসময়ই স্বার্থক সিনেমা হিসেবে পরিচিতি পাবে। আমি খুবই সৌভাগ্যবান যে, তার মতো একজনের সঙ্গে আমি ২০ বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছি।”

শাহরুখ আরও বলেন, “আমি বাড়িয়ে বলছি না। আমি আসলেই ভাগ্যবান, কারণ ইয়াশ চোপড়ার অনেকগুলো সিনেমায় আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তার জীবনের সর্বশেষ কাজেরও ভাগিদার ছিলাম আমি।”

শাহরুখ খান জানান, শুধু অভিনয়ের ক্ষেত্রেই নয়, প্রযোজনার ক্ষেত্রেও ইয়াশ চোপড়ার কাছ থেকে সাহায্য পেয়েছেন তিনি। একটি সিনেমার সফল প্রযোজনার ক্ষেত্রেও তাকে সাহায্য করেছিলেন ইয়াশ চোপড়া।

বলিউডের ‘কিং অফ রোমান্স’ খ্যাত পরিচালক ইয়াশ চোপড়া ২০১২ সালের ২১ অক্টোবর চলে যান না ফেরার দেশে। ‘ওয়াক্ত’, ‘দিওয়ার’, ‘সিলসিলা’, ‘লামহে’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ভির-জারা’, এবং ‘যাব তাক হায় জান’-এর মতো অসংখ্য আলোচিত রোমান্টিক সিনেমা নির্মাণ করেছেন তিনি।