এমটিভির বাংলাদেশি ভিজে
বাংলাদেশি প্ল্যাটফর্মে এমটিভির অনুষ্ঠান উপস্থাপনার জন্য আনইয়া আলম ও ইয়াজদানিকে ভিজে ঘোষণা করেছে নির্মাতা সংস্থা ক্রেইন্স।
সম্প্রতি ছয় জন শীর্ষ প্রতিযোগীর মধ্যে আনইয়া ও ইয়াজকে বিজয়ী ঘোষণা করার জন্য রাজধানীর একটি হোটেলে এক পরিচিতি সম্মেলনের আয়োজন করে ক্রেইন্স। সম্মেলনে দেশের মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ক্রেইন্সের প্ল্যানিং ও মার্কেটিং-ডিজিটাল ইনোভেশন ম্যানেজার এমডি এহসানুল হক।
ক্রেইন্স বাংলাদেশ লি. বাংলাদেশে এমটিভি ব্র্যান্ডের অনুষ্ঠান নির্মাণ ও বিপণনের দায়িত্ব পেয়েছে ভায়াকম ইন্টারন্যাশনাল মিডিয়া নেটওয়ার্কসের কাছ থেকে। তারা দুটি অনুষ্ঠান নির্মাণ ও দুটি অনুষ্ঠান বিপণন করছে এমটিভি ব্র্যান্ডের। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী তিনটি অনুষ্ঠান প্রচার শুরু করেছে মাছরাঙা টেলিভিশন।
প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া আনইয়া ও ইয়াজকে উপস্থাপনায় রেখে আরও একটি অনুষ্ঠান নির্মাণ করবে ক্রেইন্স।
