২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই সিনেমায় জেনিফার

জনপ্রিয় মুভি সিরিজ ‘হাঙ্গার গেইমস’-এর প্রথম পর্বের পরিচালক গ্যারি রসের সঙ্গে আরও একবার কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স। রসের নতুন দুই সিনেমা ‘ইস্ট অফ ইডেন’ এবং ‘ব্যারিয়াল রাইটস’-এ অভিনয় করবেন অস্কারজয়ী ওই অভিনেত্রী।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 01:30 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, লেখক জন স্টেইনবাকের ধ্রুপদী উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ‘ইস্ট অফ ইডেন’ সিনেমাটি। ইউনিভার্সাল এবং ইমাজিন এন্টারটেইনমেন্ট এর মধ্যেই উপন্যাসটির সর্বস্বত্ব কিনে নিয়েছে। এর কাহিনি মূলত গড়ে উঠেছে এক কৃষকের দুই পুত্রকে কেন্দ্র করে। বাবার আদর পাওয়ার জন্য তাদের মধ্যে সবসময়ই প্রতিযোগিতা লেগে থাকে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়।

সিনেমায় দুই পুত্রের নিষ্ঠুর প্রকৃতির মা ক্যাথি এমিসের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার।

ওদিকে রসের আরেকটি সিনেমা ‘ব্যারিয়াল রাইটস’-এর শুটিং শুরু হবে অক্টোবরের শুরুতে। হ্যানা কেন্টসের উপন্যাস ‘ব্যারিয়াল রাইটস’ অবলম্বনে নতুন এই সিনেমার কাহিনি মিথ্যা খুনের দায়ে ফেঁসে যাওয়া এক নারীকে নিয়ে। ১৮২৯ সালের পটভূমিকায় নির্মিতব্য ওই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন জেনিফার।

গ্যারি রসের সঙ্গে প্রথমবারের মতো ‘হাঙ্গার গেইমস’ সিনেমায় কাজ করেছিরেন জেনিফার। পরবর্তীতে ওই সিরিজের তিনটি সিকুয়েল নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় পরিচালক ফ্রান্সিস লরেন্সকে।