রাজশাহীতে ধারাবাহিক ‘ছোটকাকু’
ধারাবাহিক নাটক ‘ছোটকাকু’র শুটিং চলছে রাজশাহীতে। এর নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এখন এই ধারাবাহিকের দ্বিতীয় গল্প ‘রসগোল্লা’র কাজ নিয়ে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছেন।
ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ অবলম্বনে এই ধারাবাহিক তৈরি হচ্ছে আসছে ঈদে সম্প্রচারের জন্য। চ্যানেল আই সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, রাজশাহীর বিভিন্ন লোকেশনে এই নাটকটির শুটিং হবে। এ জন্য এখন লোকেশন নির্বাচনসহ সিরিজটির শুটিং প্রস্তুতি চলছে।
সূত্র আরও জানায়, সারাদেশে তৈরি হচ্ছে ছোটকাকু ক্লাব। এর উদ্দেশ্য, সমাজের প্রতিটি শিশু-কিশোরকে ছোটকাকুর মতো দেশপ্রেমিক, চিন্তাশীল ও সাহসী করে তোলা। আর রাজশাহীতেই প্রথম প্রতিষ্ঠা হল ‘ছোট কাকু ক্লাব’।
দিলীপ কুমার ঘোষকে আহবায়ক এবং কামারউল্লাহ সরকারকে সদস্যসচিব করে ১৫ সদস্যের এই ক্লাব গঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সকালে রাজশাহীর পর্যটন মোটেলে স্থানীয় সুধী সমাবেশে এ ক্লাব প্রতিষ্ঠালগ্নে উপস্থিত ছিলেন আফজাল হোসেন, ফরিদুর রেজা সাগর, অভিনেতা নির্মাতা শহিদুল আলম সাচ্চু এবং সাংবাদিক খন্দকার আলমগীর।
‘কক্সবাজারে কাকাতুয়া’ শিরোনামে ছোটকাকু সিরিজের প্রথম নাটক ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচারিত হয়েছে।
