২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসছেন আরনালদো ফ্রির

ব্রাজিলিয়ান গিটার মায়েস্ত্রো আরনালদো ফ্রির বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন। তিনিই হবেন বাংলাদেশে আসা প্রথম ব্রাজিলিয়ান সংগীততারকা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:59 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ ও ক্ল্যাসিক্যাল গিটার অ্যাসোসিয়েশন ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের ক্লাসিক্যাল গিটার কনসার্ট আয়োজন করে আসছে। তাদের যৌথ উদ্যোগেই এবার আসছেন আরনালদো ফ্রির।

লাতিন তারকার এই সফর সম্পর্কে ক্ল্যাসিক্যাল গিটার অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখার আনোয়ার গ্লিটজকে জানান, ২৬ সেপ্টেম্বর থেকে ৩ দিনব্যাপী এক কর্মসূচিতে অংশ নেবেন ফ্রির। সন্ধ্যা সাড়ে ছটায় আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত এক সভায় তিনি সংগীত পরিবেশন করবেন। সুরের মূর্ছনায় মাতাবেন লা গ্যালারি। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোস দা নোব্রেগা। এ সভায় তিনি শোনাবেন ব্রাজিলের খ্যাতিমান সুরকারদের অমর সব সৃষ্টি।

২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছটায় তার কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

২৮ সেপ্টেম্বর ‘ব্রাজিলিয়ান গিটার-টেকনিক অ্যান্ড স্টাইলস’ শিরোনামে একটি কর্মশালা পরিচালনা করবেন তিনি। সেখানে তিনি ব্রাজিলিয়ান স্টাইল, কৌশল এবং ব্রাজিলিয়ান সংগীতের বিভিন্ন শাখা-- বোসা নোভা, সাম্বা, চোরো, ফ্রিভো সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।

এ কর্মশালায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীরা আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি অফিসে ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন করতে পারবেন।