২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চঞ্চল চৌধুরীর ‘লাভ ম্যারেজ’

ঈদের জন্য তৈরি হচ্ছে টিভিনাটক ‘লাভ ম্যারেজ’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। বৃন্দাবন দাস রচিত নাটকটি পরিচালনা করছেন দীপু হাজরা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 05:39 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

এতে আরও অভিনয় করছেন শাহানাজ খুশি, সমাপ্তি, সীমানা, মাসুদ রানা মিঠু, মায়া ঘোষ, আপেল, সানজানা আফরিন মৌ, আশরাফ রবি প্রমুখ।

নাটকটির কাহিনি সম্পর্কে বৃন্দাবন দাস গ্লিটজকে বলেন, “হঠাৎ করে গ্রামে ছড়িয়ে পড়ে চঞ্চল চৌধুরী তার স্ত্রীকে না জানিয়ে পাশের গ্রামের মেয়ে জুঁইকে বিয়ে করেছেন। গুজব রটে চঞ্চলের প্রথম স্ত্রী জেবু বাবার বাড়ি বেড়াতে গেলে সেই সুযোগে প্রেমিকাকে বিয়ে করে তিনি বাড়িতে এনেছেন। তার স্ত্রী জেবু বিষয়টি জানতে পেরে ছুটে আসেন বাড়িতে। তবে চঞ্চল কোনোভাবেই বিশ্বাস করাতে পারেন না যে, বিপদে পড়ায় তিনি মেয়েটিকে আশ্রয় দিয়েছেন। বাড়তে থাকে জটিলতা।”

এদিকে নির্মাতা দীপু হাজরা বলেন, “বৃন্দাবন দাসের রচনায় এর আগে তিনটি নাটক তৈরি করেছি। ‘শাপলা স্টুডিও’, ‘লাভ রশিদ’, ‘গান মজিদ’। এই তিনটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে ইটিভির নিজস্ব প্রযোজনায় এবারের নাটক ‘লাভ ম্যারেজ’ অন্য নাটকগুলোকে ছাড়িয়ে যাবে বলে আশা করছি।”

নির্মাতা আরও জানিয়েছেন, ২৭ ও ২৮ সেপ্টেম্বর পুবাইলের একটি লোকেশনে নাটকটির শুটিং হবে।

ঈদে একুশে টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।