আবারও সেরা ক্লেয়ার ডান্স-জিম পারসন
লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার নোকিয়া থিয়েটারে ২২ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত হয়ে গেল এমি অ্যাওয়ার্ডস ২০১৩। এবারের আসরেও সেরার মুকুট পরলেন ক্লেয়ান ডান্স। জনপ্রিয় টিভি সিরিজ ‘হোমল্যান্ড’-এ অভিনয়ের জন্য ‘বেস্ট অ্যাকট্রেস-ড্রামা’ ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার জিতে নিয়েছেন ওই মার্কিন অভিনেত্রী। এনডিটিভি জানিয়েছে, সেরা অভিনেত্রী হিসেবে এটি ক্লেয়ারের তৃতীয় পুরস্কার হলেও আদতে এটি তার দ্বিতীয় এমি। ২০১০ সালে টিভি মুভি ‘টেম্পল গ্র্যান্ডিন’-এ অভিনয়ের জন্য এমি জিতেছিলেন ডান্স।
অন্যদিকে নিজের পুরনো সিংহাসন ফিরে পেয়েছেন ‘শেলডন কুপার’-খ্যাত কমেডি তারকা জিম পারসন। ২০১০ এবং ২০১১ সালের পর এমি ২০১৩-তে আবারও ‘বেস্ট অ্যাকটর-কমেডি’ পুরস্কার জিতে নিয়েছেন ‘দ্য বিগ ব্যাং থিওরি’-র ওই প্রধান অভিনেতা।
‘গেইম অফ থ্রোনস’, ‘হোমল্যান্ড’, ‘ম্যাড মেন’ এবং ‘হাউজ অফ কার্ডস’-এর মতো সিরিজকে টপকে প্রথমবারের মতো বেস্ট ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘ব্রেকিং ব্যাড’। আর সেরা কমেডি সিরিজের ক্যাটাগরিতে ছিল ‘মডার্ন ফ্যামিলি’-এর জয়জয়কার।
‘দি নিউজরুম’ টিভি সিরিজে অভিনয়ের জন্য ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেফ ড্যানিয়েলস। এই ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকায় ছিলেন ‘ব্রেকিং ব্যাডে’র ব্রায়ান কার্সটন, ‘হোমল্যান্ডে’র ডেমিয়েন রুইস, ‘ম্যাড মেন’ সিরিজের জন হ্যাম এবং ‘হাউজ অফ কার্ডস’-এর কেভিন স্পেসি।
কমেডি সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘সেইনফিল্ড’ তারকা জুলিয়া লুইস-ড্রেফাস। কমেডি সিরিজে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন টনি হেল, ড্রামা সিরিজে পার্শ্বচরিত্রের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ববি ক্যানাভেল। একই ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অ্যানা গান। আর টিভি মুভি ‘বিহাইন্ড দ্য ক্যানডেলাব্রা’য় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল ডগলাস। এটাই প্রতাপশালী ওই হলিউডি অভিনেতার প্রথম এমি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘হাউ আই মেট ইওর মাদার’-খ্যাত কমেডি তারকা নিল প্যাট্রিক হ্যারিস।
