অস্কারে দ্য গুড রোড
একটি শিশুর হারিয়ে যাওয়া থেকে শুরু করে তাকে খুঁজে পাওয়া, এই সফরের কাহিনি নিয়ে নির্মিত গুজরাটি সিনেমা ‘দ্য গুড রোড’ আগামী বছরের অস্কারে বিদেশি ভাষার সিনেমার তালিকায় মনোনয়ন পেয়েছে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, অস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত আরও বেশ কিছু আলোচিত সিনেমার সঙ্গে টেক্কা দিতে হবে জাতীয় পুরস্কারজয়ী সিনেমা দ্য গুড রোডকে। এবারের মনোনয়প্রাপ্ত সিনেমার তালিকায় আরও রয়েছে ‘দ্য লাঞ্চ বক্স’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘ইংলিশ ভিংলিশ’, মালায়াম সিনেমা ‘সেলুলয়েড’ এবং কামাল হাসানের সিনেমা ‘বিশ্বরূপম’।
ভারতের ফিল্ম ফেডারেশনের অস্কার মনোনয়ন কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ বলেন, “ভারতের ভিন্ন ভিন্ন ভাষার প্রায় ২২টি সিনেমা রয়েছে এবারের তালিকায়। ১৯ জন বিচারকের সম্মতিক্রমে আমরা ‘দ্য লাঞ্চবক্স’, ‘ভাগ মিলখা ভাগ’ এবং ‘বিশ্বরূপম’ সিনেমা তিনটিকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছি। তবে অন্যদের মতামতের ভিত্তিতে দ্য গুড রোড সিনেমাটিও তালিকায় স্থান পায়। তবে ওই সিনেমার তুলনায় দ্য লাঞ্চবক্স অনেক শক্তিশালী সিনেমা।”
গৌতম ঘোষ আরও জানান, সেরা গুজরাটি সিনেমা হিসেবে জাতীয় পুরস্কারজয়ী সিনেমা দ্য গুড রোড তালিকায় স্থান পাবে কি না ওই সিদ্ধান্ত নিতে তাদের ৫ ঘণ্টা সময় লেগেছিল।
গৌতম বলেন, “এই সিনেমাটিতে একটি অপরিচিত ভারত তুলে ধরা হয়েছে। দ্য গুড রোড সিনেমার কাহিনিতে একটি হারানো ছেলের গল্প তুলে ধরা হয়েছে। যাকে তার পরিবার ছুটি কাটাতে যাওয়ার পথে খুঁজে পায়।”
পরিচালক গায়েন কোরিয়া এই প্রথম গুজরাটি সিনেমায় সেখানকার স্থানীয়দের সঙ্গে কাজ করেছেন।
অস্কার মনোনয়ন পেয়ে তিনি বলেন, “সত্যিই দারুণ লাগছে যে, দ্য গুড রোড সিনেমাটি অস্কারের বিদেশি ভাষার সিনেমার তালিকায় মনোনয়ন পেয়েছে। সিনেমাটির সঙ্গে জড়িত প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। আমি মনে করি মনোনয়নের মধ্য দিয়ে আমাদের যাত্রার সূচনা হল, এখনও পথ অনেক দূর বাকি।”
