অস্কারে যাচ্ছে ‘টেলিভিশন’
৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এর বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘টেলিভিশন’। ছবিয়াল প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাটি অস্কার মনোনয়ন কমিটিতে জমা অন্য আরেকটি সিনেমা ‘চোরাবালি’র সঙ্গে প্রতিযোগিতা করেছে।
বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এ জন্য নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তাদের কাছে জমাপড়া দুটি সিনেমার মধ্যে যোগ্যতার বিচারে ‘টেলিভিশন’ এগিয়ে থাকায় তাকে অস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, “আমরা অস্কারে সিনেমা পাঠানোর জন্য চলচ্চিত্র আহ্বান করি ৯ সেপ্টেম্বর। এরপর দুটি সিনেমা আমাদের কাছে জমা পড়ে।”
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “অস্কারে সিনেমা পাঠানোর জন্য কিছু নিয়ম নির্দিষ্ট করা থাকে। সেদিক থেকে রেদওয়ান রনির ‘চোরাবালি’র তুলনায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ এগিয়ে থাকায় এবার অস্কারে অংশ নিচ্ছে এই সিনেমা।”
তিনি আরও বলেন, “অস্কারে পাঠানোর জন্য সিনেমার সাবটাইটেল থাকতে হয়। সেই বিচারে যে সিনেমাটি বাদ পড়েছে তার সাবটাইটেল মানসম্মত নয়। এর অনেক সংলাপই অস্পষ্ট এবং অসম্পূর্ণ। সে বিবেচনায় ‘টেলিভিশন’ অনেক এগিয়ে।”
অস্কারে যাচ্ছে ‘টেলিভিশন’। এই ঘোষণা আসার পরে এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অনুভূতি জানিয়ে বলেন, “আমাদের পাশের দেশ দীর্ঘদিন ধরেই অস্কারে অংশ নিয়ে আসছে। তবে তারা একবারই অস্কারে শর্টলিস্টে স্থান করে নিতে পেরেছে। সেই বিবেচনায় আমরা এতে অংশ নিচ্ছি এটাই গর্বের। তবে আমার ধারণা এবারে অস্কারের শর্টলিস্টে এশিয়ার একাধিক সিনেমা দেখা যাবে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় অস্কারের জন্য সিনেমা বাছাই কমিটিতে মোট নয়জন সদস্য ছিলেন। সদস্যরা হলেন অধ্যাপক আবদুস সেলিম, শহিদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম চৌধুরী, আবু মুসা দেবু, রেজা লতিফ, শামিম আক্তার, রোকেয়া প্রাচী এবং শাকিব খান।
