অ্যাভাটার টুতে নেই আর্নল্ড
জেমস ক্যামেরনের নতুন সিনেমা ‘অ্যাভাটার টু’তে অভিনয় করবেন না আর্নল্ড শোয়ার্জনেগার।
হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, ‘টার্মিনেটর’ সিরিজে একসঙ্গে কাজ করার পর ‘অ্যাভাটার টু’-এর মাধ্যমে আরও একবার একসঙ্গে কাজ করবেন আর্নল্ড এবং ক্যামেরন-- এমন খবর চাউর হয়েছিল কয়েকদিন আগে। কিন্তু সম্প্রতি বিষয়টি অস্বীকার করেছে ‘অ্যাভাটার’ সিরিজের প্রযোজক টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স।
‘অ্যাভাটার’ সিরিজের নতুন তিনটি সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। সিনেমাগুলোর চিত্রনাট্য লেখার জন্য ক্যামেরনকে সাহায্য করবেন ‘ওয়ার অফ দ্য টু ওয়ার্ল্ডস’-খ্যাত চিত্রনাট্যকার জশ ফ্রিডম্যান এবং ‘স্যালিঙ্গার’-খ্যাত শেইন সালেরনো।
২০১৪ সাল থেকে কাজ শুরু হবে নতুন এই সিকুয়েলগুলোর। প্রত্যেকটি সিনেমার কাজ বিরতি ছাড়াই চলতে থাকবে।
ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে সিনেমাগুলোর মুক্তির সময়। সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাভাটার টু’। এরপর ২০১৭ সালের ডিসেম্বরে ‘অ্যাভাটার থ্রি’ এবং এক বছর পর ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি দেওয়া হবে চতুর্থ পর্বটি ।
