গ্ল্যামারে বিশ্বাসী ইলিয়েনা
নবাগতা ইলিয়েনা ডি’ক্রুজ মনে করেন, বলিউডে সাফল্যের ক্ষেত্রে গ্ল্যামারই অন্যতম হাতিয়ার।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ‘বারফি!’ সিনেমায় বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন ইলিয়েনা। ২৫ বছর বয়সী ওই অভিনেত্রীকে এবার দেখা যাবে রাজকুমার সন্তোষী পরিচালিত অ্যাকশন কমেডি সিনেমা ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমায়। সিনেমাতে পুরোপুরি নতুন রূপে তাকে দেখতে পাবেন দর্শকরা।
ইলিয়েনা এ বিষয়ে বলেন, “আমি মনে করি, বলিউডি রেসে এগিয়ে থাকতে হলে কমার্শিয়াল সিনেমায় অভিনয় করতেই হবে। নতুবা টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। আমি অন্যদের কথা বলতে পারব না, তবে দক্ষিণী সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে আমি দেখেছি গ্ল্যামার বরাবরই জনপ্রিয়তা এনে দেয়।”
ইলিয়েনা এ বিষয়ে বিদ্যা বালানের প্রসঙ্গ টেনে এনে বলেন, “একটি সিনেমায় সুন্দর পোশাক পরে যখন আপনাকে গ্ল্যামারাস দেখাবে, তখন তা দর্শকদের মনে অবশ্যই দাগ কাটবে। আমি বিদ্যা বালান নই। তিনি একজন অসাধারণ অভিনেত্রী। তার গ্ল্যামারের প্রয়োজন নেই। তবে তাই বলে তার সঙ্গে আমি নিজেকে তুলনা করতে পারি না।”
‘বারফি!’ সম্পর্কে তিনি বলেন, “সিনেমাটি মুক্তির আগে আমি ভাবতেই পারিনি দর্শকরা আমাকে এমন একটি চরিত্রে গ্রহণ করতে পারবেন। কারণ আগে এমন চরিত্রে কখনওই অভিনয় করিনি। তবে আমি সবাইকে জানাতে চাই আমি মূলত কমার্শিয়াল সিনেমাতে কাজ করে অভ্যস্ত।”
‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমায় এবার ইলিয়েনা জুটি বেঁধেছেন শাহিদ কাপুরের সঙ্গে। সিনেমাটি চলতি মাসের ২০ তারিখ মুক্তি পাবে।
