২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীত কলেজের সুবর্ণ-জয়ন্তী

সরকারি সংগীত কলেজ তাদের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর শামীমা পারভীন গ্লিটজকে বলেন, “আমাদের সুবর্ণজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।”

এতে স্বাগত বক্তব্য রাখবেন সরকারি সংগীত কলেজের উপাধ্যক্ষ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট অতিথিবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী এবং সরকারি সংগীত কলেজের ছাত্রছাত্রীরা।

দেশের একমাত্র সরকারি সংগীত কলেজ দেশীয় সংস্কৃতির চর্চা, প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পঞ্চাশ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপমহাদেশের অন্যতম খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সংগীতজ্ঞ, একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত পণ্ডিত বারীণ মজুমদারসহ কয়েকজন গুণী মানুষের স্বপ্ন ও কর্মসাধনায় ১৯৬৩ সালের ১০ নভেম্বর প্রতিষ্ঠা হয় সংগীত কলেজের।