নতুন বায়োপিকে ডিক্যাপ্রিও
আমেরিকার ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসনকে নিয়ে নির্মিত হবে একটি বায়োপিক। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, আত্মজীবনী লেখক এ স্কট সম্প্রতি প্রেসিডেন্ট উইলসনের জীবনের উপর একটি বই লিখেছেন; যা এরমধ্যেই অর্জন করেছে ব্যাপক সাফল্য। তারই ধারাবাহিকতায় এবার বইটির উপর একটি সিনেমা নির্মাণের কথা ভাবছে স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স।
ওয়ারনার ব্রাদার্সের সঙ্গে নিজের কোম্পানি ‘অ্যাপ্পিয়ান ওয়ে’-এর মাধ্যমে সিনেমাটি সহ-প্রযোজনা করবেন ডিক্যাপ্রিও।
তবে প্রেসিডেন্ট উইলসনের বায়োপিক কে পরিচালনা করবেন, তা এখনও জানা যায়নি।
আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট উড্রো উইলসনের ভূমিকা অনেক। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’-এর প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। ‘লিগ অফ নেশনস’ এবং ‘ট্রিটি অফ ভারসাইলিস’-এর জন্য ব্যাপকভাবে প্রচার চালিয়েছিলেন তিনি। আমেরিকার ওই প্রেসিডেন্ট দেশ থেকে শিশুশ্রম বন্ধ করেন এবং রেইলওয়ে শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টায় বেঁধে দেন।
