২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পনের দিনের নীরবতায় শাওন

কণ্ঠনালীতে অস্ত্রোপচারের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টানা পনের দিন নীরবতা পালন করছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:33 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

এক খুদে বার্তায় শাওন গ্লিটজকে বলেন, “গত সপ্তাহে গ্রিন লাইফ হাসপাতালে অধ্যাপক প্রাণগোপাল দত্ত কণ্ঠনালীতে অস্ত্রোপচার করেন। তিনি পনের দিন সম্পূর্ণ নীরব থাকতে বলেছেন। এর মধ্যে চারদিন চলে গেছে। টানা নীরবতায় খুদে বার্তা ও ইমেইলে জরুরি কাজগুলো সেরে নিচ্ছি।”

শাওন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “চারদিন ধরে নীরবতা পালন করছি। স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে। কণ্ঠনালীতে একটি সার্জারি হওয়ার কারণে আরও ১১ দিন কোনো ধরনের শব্দ করাও নিষেধ। ছেলেদের সঙ্গে কথা হচ্ছে ইশারায়। আর অন্যদের সঙ্গে কাগজে লিখে লিখে।”

শাওন আরও লিখেছেন, “কণ্ঠনালীতে অস্ত্রোপচারের পর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ করলাম। আমি যখন কাউকে ইশারায় কিছু জিজ্ঞেস করছি, সেও উত্তর দিচ্ছে ইশারায়।

আমার ছেলে নিষাদ পানি খাবে, তাও আমাকে হাত নাড়িয়ে ইশারাতেই বোঝাল। বিকেলে আমার বাবাকে কাগজে লিখে দিলাম, অফিস থেকে ফেরার সময় আমার জন্য স্যুপ নিয়ে এসো। আব্বু মুখে কিছু না বলে কাগজে লিখল, কী স্যুপ আনব? থাই স্যুপ, না টম ইয়াম স্যুপ। তবে আমার নীরবতায় নিষাদের একটা উপকার হয়েছে, আমি যখনই তাকে তাড়াতাড়ি খাবার শেষ করার ইশারা করছি, ও দৌড়ে গিয়ে আমার মাকে বলছে, নানাজি, মা বলেছে আর খেতে হবে না। বাকি ১১ দিন যে কীভাবে চলবে...! ”

এদিকে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মেঘে ঢাকা তারা’-র বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। তার এই অসুস্থতা এই অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে কি না এই প্রশ্নের জবাবে তিনি জানান, রিয়েলিটি শোটির দৃশ্যধারণের কাজ শেষ।