ফুয়াদের তত্ত্বাবধানে প্রতিযোগীরা
মিউজিক্যাল রিয়েলিটি শো ‘এয়ারটেল রেডিও ফুর্তি ইয়াং স্টার অব দ্য মান্থ’-এর দ্বিতীয় সিজনের জন্য নির্বাচিত শিল্পীদের গান প্রযোজনার দায়িত্ব নিয়েছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। রোববার বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনটি আয়োজন করে এফএম রেডিও ফুর্তি ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল। সেখানে ফুয়াদকে অনুষ্ঠানটির সংগীত প্রযোজক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে রিয়েলিটি শোটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণাও দেওয়া হয়।
এ বিষয়ে ফুয়াদ বলেন, “আশা করছি এই আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে। সেইদিক থেকে সলো শিল্পী ও ব্যান্ড উভয়েরই সমান সুযোগ রয়েছে নিজেদের তুলে ধরার।”
তিনি আরও বলেন, “ওদের জন্য আমাকে বেশি প্ররিশ্রম করতে হবে না বলে মনে করছি। কারণ অধিকাংশ প্রতিযোগীর একটা করে ছোট স্টুডিও রয়েছে। তারা সেটার ব্যবহারও জানে কিছুটা।”
রেডিও ফুর্তি দ্বিতীয়বারে মতো আয়োজন করছে এ অনুষ্ঠান। তারা এসএমএসের মাধ্যমে শিল্পী নির্বাচন করে ফুয়াদের কাছে পাঠাবে। তাদের গানগুলোকেই রেডিওর শ্রোতাদের জন্য উপযুক্ত করে তুলবেন বলে জানান ফুয়াদ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রেডিও ফুর্তির সিইও রেজাউল হক, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং হেড অফ মার্কেটিং মীর নওবত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ারটেল ইয়াং স্টার অফ দ্য মান্থ, সিজন ওয়ানের বিজয়ীরা।
