২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গার গেইমসে জুলিয়ান মুর

প্রেসিডেন্ট আলমা কয়েনের ভূমিকায় এবার ‘হাঙ্গার গেইমস’ সিরিজের নতুন দুটি সিকুয়েলে অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী জুলিয়ান মুর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 04:40 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, হাঙ্গার গেইমস সিরিজের নতুন দুটি সিনেমা ‘দ্য হাঙ্গার গেইমস: মকিংজে পার্ট ১ এবং ২’-এ প্রেসিডেন্ট আলমা কয়েনের চরিত্রে অভিনয় করবেন জুলিয়ান।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সিনেমা পরিবেশক প্রতিষ্ঠান লায়ন্সগেইট ঘোষণা দিয়েছে, নতুন দুটি সিনেমায় জুলিয়ানের চরিত্রটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তাকে দেখা যাবে ডিসট্রিক্ট থার্টিনের প্রধান হিসেবে এবং তিনি ক্যাপিটলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী বাহিনীকে নেতৃত্ব দেবেন।

হাঙ্গার গেইমস সিরিজের শেষ উপন্যাস ‘মকিংজে’-র উপর নির্মিত হবে দুটি সিনেমা। হাঙ্গার গেইমসের ফেইসবুক পেইজে লায়ন্সগেইট একটি বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়, “অফিসিয়ালি জানানো হচ্ছে। চলুন আমরা সবাই মিলে জুলিয়ান মুরকে স্বাগত জানাই, তিনি আলমা কয়েনের ভূমিকায় অভিনয় করবেন হাঙ্গার গেইমসের নতুন দুই সিনেমা ‘মকিংজে পার্ট ১ এবং ২’-এ ।

স্ট্যাটাসটি প্রকাশিত হওয়ার পর ৭০ হাজার লাইকের মাধ্যমে ভক্তরা জুলিয়ান মুরকে স্বাগত জানায়।

হাঙ্গার গেইমসের পরিচালক ফ্রান্সিস লরেন্স পরিচালনা করবেন সিরিজের শেষ দুই সিনেমা।

হাঙ্গার গেইমস সিরিজের দ্বিতীয় সিনেমা ‘হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ মুক্তি পাবে চলতি বছরের ২২ নভেম্বর। আর ‘মকিংজে পার্ট ১’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে ২০১৪ সালের ২১ নভেম্বর এবং সিরিজের শেষ পর্ব ‘মকিংজে পার্ট ২’ মুক্তি পাবে ২০১৫ সালের ২০ নভেম্বর।