২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে সালমানের আমন্ত্রণ

বলিউডি অভিনেতা সালমান খান টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম সিজনে আমন্ত্রণ জানিয়েছেন তার চিরশত্রু হিসেবে পরিচিত শাহরুখ খানকে!

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

জি মিডিয়া ব্যুরো এ বিষয়ে জানায়, বলিউডের ওই দুই রাঘব বোয়ালের দ্ব›দ্ব টিনসেলে কারও অজানা নয়। কিন্তু বর্তমানে চিরশত্রু এই দুই অভিনেতার মধ্যে বরফ গলছে। চলতি বছরের রমজান মাসে এক ইফতার পার্টিতে ওই দুই অভিনেতার আলিঙ্গনের বিষয়টিও বেশ আলোচিত হয়েছে। নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার সেই ধারাবাহিকতায় এবার ‘বিগ বস’-এ সালমানের আমন্ত্রণও সানন্দে গ্রহণ করেছেন শাহরুখ।

শাহরুখ আমন্ত্রণ গ্রহণ করলেও জানান, সিনেমার প্রচারণার খাতিরে যদি তিনি সালমানের শোতে যেতে চান তাহলে তার জন্য সালমানকে প্রায় বছর খানেক অপেক্ষা করতে হবে। কারণ শাহরুখের পরবর্তী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং মাত্র কিছুদিন আগে শুরু হয়েছে।

শাহরুখ আরও জানিয়েছেন, তার এবং সালমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এবং তিনি চান না এ বিষয়ে কোনো গুজব ছড়ানো হোক। অন্যদিকে সালমান বলেছেন, ব্যক্তিগতভাবে তার এবং শাহরুখের কোনো বিবাদ নেই। তার সঙ্গে শাহরুখের লড়াইয়ের একমাত্র জায়গা হল বক্স অফিস।