২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে আমেরিকান সাইকো

সিরিয়াল কিলার প্যাট্রিক বেটম্যান আরও একবার আসবেন দর্শকের সামনে, তবে এবার তাকে দেখা যাবে ছোটপর্দায়।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 03:52 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

ভ্যারাইটি ডটকম জানিয়েছে, ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘আমেরিকান সাইকো’র টিভি সিরিজ নির্মাণ করার কথা ভাবছে আমেরিকান টিভি চ্যানেল এফএক্স এবং লায়ন্সগেইট টিভি।

লেখক ব্রেট এস্টন এলিসের উপন্যাস ‘আমেরিকান সাইকো’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর ২০০০ সালে উপন্যাসটির ভিত্তিতে নির্মিত হয় সিনেমা ‘আমেরিকান সাইকো’। সে বছর বক্স অফিসে তিন কোটি ৪০ লাখ ডলার আয় করা ‘আমেরিকান সাইকো’ সিনেমাতে প্যাট্রিক বেটম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিস্টিয়ান বেল।  

এরপর ২০১১ সালে লায়ন্সগেইট সিনেমাটির রিমেক তৈরির ঘোষণা দিলেও পরবর্তীতে আর নির্মিত হয়নি ‘আমেরিকান সাইকো’। আর মিলা কিউনিস অভিনীত ‘আমেরিকান সাইকো টু’ ব্যাপকভাবে বক্স অফিসে মার খেয়ে যায়।

ভ্যারাইটি ডটকম আরও জানিয়েছে, এফএক্সের এই নতুন টিভি ড্রামাতে দেখা যাবে পঞ্চাশোর্ধ্ব প্যাট্রিক বেটম্যানকে। যিনি এখনও মানুষের প্রতি তীব্র ঘৃণা নিয়ে বেঁচে আছেন এবং তার হিংস্রতা আগের সকল মাত্রাকে ছাড়িয়েছে। এমন অবস্থায় স্যাডিস্টিকভাবে একজনকে হত্যা করার সময় তিনি এক ব্যক্তিকে সঙ্গে নেন সাহায্যকারী হিসেবে। পরে প্যাট্রিকের এই সাহায্যকারী হয়ে ওঠে নতুন প্রজন্মের আমেরিকান সাইকো।

সিরিজটিতে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

আর সিরিজটির চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন ড্যানিশ চিত্রনাট্যকার স্টেফান জাওরস্কি। সিরিজটির নির্বাহী প্রযোজকের ভূমিকায় অ্যালিসন শেরমার এবং এড প্রেসম্যানের সঙ্গেও থাকবেন জাওরস্কি।

‘আমেরিকান সাইকো’ সিনেমাই একমাত্র সিনেমা নয় যার উপর নির্মিত হচ্ছে টিভি সিরিজ। টিভি চ্যানেল ‘এ অ্যান্ড ই’ নির্মাণ করেছে ‘বেটস মোটেল’ যা ১৯৬০ সালে মুক্তি পাওয়া আলফ্রেড হিচককের ‘সাইকো’ সিনেমার প্রিকুয়েল, আর ‘এনবিসি’তে চলছে ‘হানিবল’। দুটি সিরিজই প্রথম সেশন শেষ করে বর্তমানে বিরতিতে রয়েছে।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/আরএস/সেপ্টেম্বর১৩/১৩