কাদের রাজাকার চরিত্রে মোর্শেদ
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’তে রাজাকারের চরিত্রে অভিনয় করছেন ম ম মোর্শেদ।
এ বিষয়ে তিনি গ্লিটজকে জানান, চলচ্চিত্রটিতে রাজাকার কাদের চরিত্রটির যুবক ও বৃদ্ধ দুই বয়সকেই রূপায়ন করছেন তিনি। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য তিনি টানা ২২ দিন দাড়ি শেভ করেননি।
তিনি বলেন, “কাদের মোল্লার চরিত্রটিকেই একটু অন্যভাবে কাহিনিকার চলচ্চিত্রে নিয়ে এসেছেন। সেইদিক থেকে চরিত্রটি ঐতিহাসিক। আমিও ওই চরিত্রে অভিনয় করে ইতিহাসের সাক্ষী হতে চাই। চলচ্চিত্রটির নির্মাতা শাহ আলম কিরণ মূলধারার একজন অভিজ্ঞ পরিচালক। আমি মূলধারার চলচ্চিত্রে সক্রিয় হতে চাই বলে এতে অভিনয় করছি।”
চলচ্চিত্রটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন নিপুণ ও কণ্ঠশিল্পী আগুন। এর কাহিনি লিখেছেন আনিসুল হক। ক্যামেরায় আছেন মাহফুজুর রহমান। প্রযোজক রাইরা বাংলাদেশ।
মোর্শেদ আরও জানান, চলচ্চিত্রটির এফডিসি অংশের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বাকি অংশের শুটিং শীঘ্রই নরসিংদির রায়পুরায় শুরু হবে।
