উচ্চাঙ্গসংগীত উৎসব নভেম্বরে
ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’ শুরু হচ্ছে ২৮ নভেম্বর। উৎসবে অংশগ্রহণ করবেন বিদূষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, বিদূষী কৌশীকি চক্রবর্তী প্রমুখ।
উচ্চাঙ্গ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান আইটিসি এসআরএ-এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন।
বেঙ্গলের পক্ষ থেকে নবনীতা চৌধুরী গ্লিটজকে বলেন, “এবারের উৎসবে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক সংগীতজ্ঞ। বিদূষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বিদূষী কৌশীকি চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, পূর্বায়ণ চ্যাটার্জি প্রমুখ এবারও অংশ নিচ্ছেন উৎসবে। আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই আয়োজন চলবে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত।”
তিনি জানান, প্রথমবারের মতো ভারত থেকে এবারের উৎসবে অংশ নেবেন সেতারে রাইস খান, কর্ণাটক সংগীতে বম্বে জয়শ্রী, রুদ্র বীণায় বাহাউদ্দিন ডাগর ও তবলায় স্বপন চৌধুরী। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠসংগীতে অসিত দে, মণিপুরি নাচে তামান্না রহমান ও তাঁর দল।
তিনি আরও জানান, শ্রোতা-দর্শক অনলাইনে নিবন্ধন করে বিনামূল্যে প্রবেশের জন্য পাস সংগ্রহ করতে পারবেন। যাতায়াতের জন্য বিশেষ সুবিধা থাকছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে নভেম্বর মাসে। ধানমণ্ডিতে বেঙ্গল গ্যালারি ও অরণ্য, এয়ারপোর্টের কাছে বেঙ্গল সেন্টার, বনানীতে অরণ্য ও গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জেও রেজিস্ট্রেশন করা যাবে।
বেঙ্গল ও আইটিসি এসএরএ প্রথম উৎসবটি আয়োজন করেছিল ২০১২ সালের নভেম্বরে।
