রজনীকান্তের জন্মদিনে ‘কোচাদাইয়ান’
দক্ষিণী সিনিয়র অভিনেতা রজনীকান্ত অভিনীত তামিল পিরিয়ড-ড্রামা ‘কোচাদাইয়ান’কে তার জন্মদিন ১২ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সিনেমাটির নির্মাতারা।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সিনেমাটির এক ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক চললে ১২ ডিসেম্বর রজনীকান্তের জন্মদিনেই মুক্তি পাবে ‘কোচাদাইয়ান’।
এ বিষয়ে সূত্র আরও বলেন, “নির্মাতারা রজনীকান্তের জন্মদিনের উপহার হিসেবে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন। এটি তার এবং তার ভক্তদের জন্য জন্মদিনের শুভেচ্ছা। তবে এখন দেখার বিষয় হল সবকিছু পরিকল্পনামাফিক এগোয় কি না। আমরা বর্তমানে সিনেমাটির শুটিং-পরবর্তী কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি।”
সাউন্দারিয়া রজনীকান্ত আশউইন পরিচালিত সিনেমাটির ট্রেইলার ৮ সেপ্টেম্বর অনলাইনে লঞ্চ করা হয়। মুক্তির পর ট্রেইলারটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। রজনীভক্তরা সিনেমাটি পছন্দ করলেও কিছু কিছু দর্শকের মতে এতে নিম্নমানের ভিজুয়াল এফেক্ট ব্যবহার করা হয়েছে।
প্রায় একশ’ কোটি বাজেটের ‘কোচাদাইয়ান’ ভারতের প্রথম মোশন ক্যাপচারড থ্রি-ডি সিনেমা যেটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি ইতালিয়ান, স্প্যানিশ এবং জাপানি ভাষায় মুক্তি পাবে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারাথ কুমার, জ্যাকি স্রফ, শোবানা, এবং আদি পিনিসেট্টি। ইরোস ইন্টার ন্যাশনালের ব্যনারে নির্মিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ.আর রাহমান।
