২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গনার আগ্রহ

বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিদেশি ভাষায় আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পরিচালনা করতে চান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:24 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

জি মিডিয়া ব্যুরো জানায়, ভারতীয় দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের জন্যও চলচ্চিত্র নির্মাণ করতে চান কঙ্গনা। তবে এ বিষয়ে কোনো তাড়া নেই তার। এর আগে অস্ট্রেলিয়ান একজন লেখকের গল্প অবলম্বনে একটি শর্টফিল্ম পরিচালনা করেছিলেন কঙ্গনা। ওই চলচ্চিত্রটির শুটিং হয়েছিল যুক্তরাষ্ট্রে।

তার পরিকল্পনা সম্পর্কে কঙ্গনা বলেন, “আমি একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছি। তবে সিনেমাটির কাজে হাত দিলে প্রায় এক বছর আমার দেশের বাইরে থাকতে হতে পারে। আর এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ রয়েছে।”

২৬ বছর বয়সী ওই অভিনেত্রী আরও বলেন, “আমি যে সিনেমাটির পরিকল্পনা করছি সেটি বলিউডি সিনেমা নয়। তবে ভারতেও সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি হবে আন্তর্জাতিক মানের। তবে এখনই সিনেমাটি সম্পর্কে বিস্তারিত বলার সময় আসেনি।”

কঙ্গনা এ সময় সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমাটিতে তিনি খলচরিত্রে অভিনয় করেছেন।