একটি অর্ধেক প্রেমের গল্প
গানের চিত্রায়নের মাধ্যমে শুরু হয়েছে ‘একটি অর্ধেক প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিং। আশরাফ শিশির পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমরান ইমু, সুমনা সোমা এবং তাসমিনা ক্যাটরিনা লাবণ্য। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আশরাফ। সিনেমাটির টাইটেল সং তৈরি করেছে ব্যান্ডদল ‘এ’।
এ বিষয়ে নির্মাতা আশরাফ শিশির গ্লিটজকে বলেন, “আমরা এখন উত্তরায় শুটিং করছি। আমাদের এই সিনেমার শুটিং শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর। শুরুতেই সিনেমার টাইটেল সং-এর চিত্রায়ন করছি। আজ রোববার রাতে গানের বাকি অংশের কাজ করতে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা চারদিন কাজ চলবে।”
তিনি জানিয়েছেন, সিনেমার প্রচারণার জন্য গানটি আগে তৈরি হচ্ছে। এটি বিভিন্ন টিভি চ্যানেল, ওয়েব সাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, “এই সিনেমায় গান থাকছে আটটি। গানগুলোর শুটিং আগে করছি। এরপর অক্টোবর থেকে কাহিনি অংশের শুটিং শুরু হবে।”
আশরাফ সিনেমাটি সম্পর্কে জানান, এটি একটি বাণিজ্যিক চলচ্চিত্র। তবে ধরাবাঁধা গল্পে না গিয়ে বাস্তবমুখী কাহিনি নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। তিনি বলেন, “আমি হলফ করে বলতে পারি এর আগে এ ধরনের প্রেমের গল্প নিয়ে সিনেমা হয়নি। রাজধানী ঢাকাকে ঘিরে গড়ে ওঠা প্রেমের গল্পটি শেষ পর্যন্ত পরিণত হয়েছে থ্রিলারে। বাদ পড়েনি দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যও। প্রেম-যৌনতা-বিরহ-ড্রাগস-নাগরিক যন্ত্রণার ভেতর দিয়ে একটি শ্বাশ্বত সুন্দর জীবনের হাতছানি দর্শককে প্রলুব্ধ করবে। প্রেরণা জোগাবে বেঁচে থাকার লড়াইয়ে জিততে।”
