২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অস্কারে ভূষিত হবেন জোলি

মানবসেবামূলক কাজের জন্য ২০১৪ সালে অস্কারের বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে জোলিকে দেওয়া হবে ‘জিন হারশল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 05:30 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিশেষ ওই অস্কার শুধুমাত্র তাদেরই দেওয়া হয়, যারা জনসেবামূলক কাজের মাধ্যমে চলচ্চিত্রশিল্পকে বিশ্বব্যাপী একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যান।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর অস্কার কর্তৃপক্ষ এই খবর প্রকাশ করলে জোলি টুইট করেন, “আমি খুবই গর্বিত। কারণ আমি এই বছর বিশেষ অস্কারজয়ী হয়েছি। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ সবাইকে!  মার্টিন,ল্যান্সবেরি এবং টসিকে অভিনন্দন।”

জনসেবামূলক কাজের জন্য বরাবরই পরিচিত জোলি তার ফিল্মি ক্যারিয়ারেও এই সচেতনতা তুলে ধরার চেষ্টা করেছেন। ২০১১ সালে মুক্তি পাওয়া জোলির পরিচালিত প্রথম সিনেমা ‘ইন দ্য ল্যান্ড অফ ব্ল্যাড অ্যান্ড হানি’-এর কাহিনি গড়ে উঠেছে বসনিয়ার যুদ্ধকে কেন্দ্র করে।

এইস শোবিজ জানিয়েছে, জোলির পাশাপাশি নিজ নিজ ক্যারিয়ারে সফল অবদান রাখার জন্য পুরস্কৃত হবেন ব্রিটিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবেরি, আমেরিকান অভিনেতা স্টিভ মার্টিন এবং ইতালীয় ডিজাইনার পিয়েরো টসি।

এর আগে অস্কারের ইতিহাসে শুধুমাত্র দুজনকে দেওয়া হয়েছে ‘জিন হারশল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’। তারা হলেন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে এবং হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ড্রিমওয়ার্কস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি ক্যাটজেনবার্গ।