কারানকে সন্ত্রাসী হুমকি
চাঁদা দাবি করে বনি কাপুরের পর এবার হুমকি দেওয়া হয়েছে বলিউডের পরিচালক-প্রযোজক কারান জোহরকে।
জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, সম্প্রতি একটি অজ্ঞাত নাম্বার থেকে মোবাইলে চাঁদা দাবি করে হুমকির মেসেজ পাওয়ার পর মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছেন কারান।
কারানের মামলা মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের ‘চাঁদা বিরোধী’ সেলে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পরে কারানের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্প্রতি প্রযোজক বনি কাপুরও এমন একটি হুমকি পেয়েছেন। ৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের অশিওয়ারা পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেন বনি। তার মামলাও চাঁদা বিরোধী সেলে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, এ ধরনের হুমকি পাঠানোর জন্য ইন্টারনেট ফোন সার্ভিস ব্যবহার করছে সন্ত্রাসীরা। আর তাই তাদের নম্বরের মূল উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে।
