চয়নিকা চৌধুরীর এক যুগ
নির্মাতা চয়নিকা চৌধুরীর টিভি নাটক নির্মাণের এক যুগ পূর্তি হচ্ছে এ বছর। গত ১২ বছরে তিনি দুশ’ ষোলটি নাটক নির্মাণ করেছেন। তার এই অর্জনে বিভিন্ন টিভি চ্যানেল, গণমাধ্যমকর্মী ও মিডিয়া সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গ্লিটজকে তিনি বলেন, “আমি অভিভূত। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আমি কাজ শুরু করি। সেই থেকে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছি। এই ১২ বছরে আমার তৈরি করা নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকের মোট সংখ্যা দুশ’ ষোল। লম্বা সময় ধরে ধারাবাহিক কাজ করতে পেরে আমি সকলের কাছে কৃতজ্ঞ।”
চয়নিকা আরও বলেন, “আমি আনন্দে আজ নির্বাক। এটিএন বাংলা, মাছরাঙা, ইটিভি আমাকে সম্মাননা জানাচ্ছে। এই চ্যানেলগুলোতে সারামাস ধরে আমার নাটক প্রচার করবে। এই সম্মাননা আমাকে আরও উৎসাহিত করবে। আমি আরও ভালো কাজ করতে চাই।”
এই অর্জনে তিনি পরিবারের সদস্য, প্রযোজক, শিল্পী, লেখক, পুরো টিম, ক্যামেরাম্যান, সম্পাদক, কম্পোজার, গণমাধ্যমকর্মী ও চ্যানেলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই মুহূর্তে চয়নিকা ‘মন’ শিরোনামের একঘণ্টার নাটকের সম্পাদনার কাজ করছেন। এটি তার ২১৬তম নাটক। ইরাজ আহমেদের লেখা নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও তারিন।
