যুক্তরাজ্যে যাচ্ছেন ওম পুরি
স্ত্রীকে নির্যাতনের দায়ে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে ব্রিটেনের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউডি অভিনেতা ওম পুরি। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, ৩১ অগাস্ট শনিবার সকালে তার জামিন মঞ্জুর করা হয়। সেইসঙ্গে তাকে শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়।
ওমের স্ত্রী নন্দিতা তার বিরুদ্ধে মামলা করার সময় আদালতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন, যেন ওমকে দেশের বাইরে যেতে দেওয়া না হয়। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর একটি বন্ডে স্বাক্ষর দিয়ে ১৫ হাজার রুপি জামানত রেখে ব্রিটেনে যাওয়ার অনুমতি পেয়েছেন ওম।
এ বিষয়ে ওম বলেন, “আমি খুবই ভাগ্যবান; কারণ আমাদের দেশের আইন এতটা কঠিন নয়। হ্যাঁ, একদিন দেরি হলেও আমি আমার শুটিংয়ে যেতে পারব। শুক্রবার যখন আমি জামিনের জন্য আবেদন করি তখন সম্মানিত বিচারক অন্য মামলা নিয়ে ব্যস্ত ছিলেন। মাত্র একদিন পরেই তিনি আমার মামলার দিকে নজর দিয়েছেন।”
ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেনের সঙ্গে নতুন হলিউডি সিনেমা ‘দ্য হানড্রেড-ফুট জার্নি’-এর শুটিংয়ের জন্য শনিবার রাতেই ব্রিটেনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ওমের।
ওম আরও বলেন, “এখনও আমাকে আমার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সটি নিতে হবে। কারণ সিনেমাটিতে আমার গাড়ি চালানোর দৃশ্য রয়েছে। তাই যাওয়ার আগে এখনও অনেক কাজ বাকি রয়েছে। আপনাদের বলে বোঝাতে পারব না, ভারতে আমার এই দুঃস্বপ্নময় জীবন থেকে বাঁচার জন্য আমি কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি, ‘দ্য হানড্রেড-ফুট জার্নি’ সিনেমায় আমি ভালো কাজ করব।”
